মা হলেন সোহিনী

দুই বাংলায় সমান সমাদৃত টলিউড অভিনেত্রী সোহিনী সরকার অভিনয় দক্ষতার পাশাপাশি নানা কারণে আলোচনায় আসেন। তবে এবার তিনি আলোচনার পাশাপাশি ভাসছেন সহকর্মী ও অনুরাগীদের অভিনন্দন আর শুভেচ্ছায়। গতকাল রবিবার দিনটি যেন নিজের করে নিয়েছিলেন তিনি। কারণ গতকালই জীবনের নতুন অধ্যায় শুরু হলো তার। শারদীয় উৎসবে আগেই ঘর কোল আলো করে এসেছে নতুন অতিথি। হ্যাঁ, প্রথমবারের মতো মা হলেন সোহিনী সরকার। ২০২৪ সালের ১৫ জুলাই পরিবার এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে এক ফার্মহাউজে যে নতুন পথচলা শুরু হয়েছিল, এবার তাতে যোগ হলো এক নতুন সদস্য।

পুত্রসন্তানের মা হয়েছেন অভিনেত্রী। গতকাল সাতসকালেই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে এই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোহিনী ও তার স্বামী সংগীতশিল্পী শোভন গাঙ্গুলি। পোস্টে এই তারকা দম্পতি লিখেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’

 এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছে কমেন্ট বক্স। তবে নেটিজেনদের মনে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে। ছেলের নাম কি তবে সত্যিই ‘টুল’ রাখা হলো? কিছুদিন আগেই এক আড্ডায় সোহিনী জানিয়েছিলেন, শোভন নাকি হবু সন্তানের নাম প্রস্তাব করেছিলেন ‘টুল’! গায়কের যুক্তি ছিল, টুলের ওপর দাঁড়ালে মানুষ সহজে উঁচুতে উঠতে পারে। সোহিনী তখন রসিকতা করে বলেছিলেন, ছেলে হলে শেষমেশ হয়তো নাম ‘টুল’ হবে। এখন সত্যিই যখন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী, তখন অনুরাগীদের কৌতূহল তুঙ্গে।

গত জুনের শুরুতেই খবর আসে, মা হচ্ছেন বাংলার দর্শকদের আদরের অভিনেত্রী সোহিনী। অবশেষে পূজার আগেই নতুন অতিথি এলো তাদের সংসারে। গর্ভাবস্থার আট মাসেও চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী। কোনো ক্লান্তি ছাড়াই ‘বেগুনি রঙের আলো’ ছবির প্রচারে শহর চষে বেড়িয়েছেন। সেই সময়েই তিনি ভাগ করে নিয়েছিলেন তাদের ব্যক্তিজীবনের বেশ কিছু মজার গল্প। এই মজার কথা শুনে হেসে লুটোপুটি খেয়েছিলেন অনুরাগীরা। এখন সেই সব মজার দিন পেরিয়ে একরত্তি ছেলে এসে গেছে তাদের কোলে।