গণ্ডির বাইরে অপর্ণা

এই তো বেশ কয়েক বছর আগেই যারপরনাই ব্যস্ত ছিলেন মডেল-অভিনেত্রী অপর্ণা ঘোষ। নাটক-সিনেমায় চাহিদা থাকলেও লম্বা সময় ধরে অভিনয়ে নেই তিনি। মূলত ২০২০ সালে বিয়ের পর থেকে লাইট-ক্যামেরায় অনিয়মিত দর্শকপ্রিয় এই মুখ। অভিনয়ের চেনা জগৎ ছেড়ে অন্য ভুবনে নতুন এক অধ্যায় শুরু করেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে জাপানে বসবাস করছেন। তার বাবাও রয়েছেন সেখানে। জাপানে একটি স্কুলে শিক্ষকতা করছেন তিনি।

‘অভিনয় থেকে দূরে গিয়ে ভিনদেশে কেমন আছেন তিনি? জবাবে জাপান থেকে অপর্ণা বলেন, ‘সত্যি বলতে খারাপ লাগছে না। বরং ভালেই আছি এখানে। তবে প্রতিদিন, প্রতিমুহূর্তেই নিজের দেশকে মিস করি। হাজার হলেও আমার জন্মভূমি। দেশকে খুব ভালোবাসি। নাটক-সিনেমার সময়গুলোর কথাও মনে পড়ে খুব। অনুভব করি শুটিংয়ের সেই দিনগুলোর কথা। আমরা তো সবাই একটা পরিবারের মতো ছিলাম। অভিনয়ে দীর্ঘদিন কাজ করার কারণে সহকর্মী ও লাইট-ক্যামেরার যে অভ্যাস তৈরি হয়েছিল, তা থেকে হঠাৎ দূরে সরে আসা মানসিকভাবে বেশ কঠিন ছিল। তবে নতুন পরিবেশ আর ছোট ছোট শিশুর সঙ্গে সময় কাটানো তার এই শূন্যতা কিছুটা হলেও দূর করছে।’

ছোটবেলার কথাও মনে পড়ে মন্তব্য করে অপর্ণা জানান, ছেলেবেলা থেকেই অভিনয়ের সঙ্গে সখ্য তার। বাবা মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত থাকার সুবাধে প্রায় মহড়ায় যেতেন তিনি। ছোট বয়সে সেই সময়ের মঞ্চের আলোচিত নাটকগুলো উপভোগ করেন তিনি। তখন থেকেই অভিনয়ের প্রতি তার ভালোবাসা জন্মে। অভিনয়ের শুরুটা হয় মঞ্চ নাটক দিয়েই। তবে ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আগমন ঘটে অপর্ণার। এরপর টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। তারপর নাম লেখান টিভি নাটকে। তার অভিনীত প্রথম নাটক ‘ভালোবাসি তবুও’। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন অপূর্ব। তবে ‘হাউজফুল’ ধারাবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন অপর্ণা।