ক্যারিয়ার নিয়ে শঙ্কিত তিশা

নানা কারণে সময়ের চর্চিত এক নামে পরিণত হয়েছে মডেল-অভিনেত্রী তানজিন তিশা। ছোটপর্দার পাশাপাশি ওটিটিতেও অভিনয়ের দ্যুতি ছড়ানোর পাশাপাশি চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন তিনি। সর্বশেষ ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পরিচয়ে পরিধি আরও প্রসারিত করলেন এই গ্ল্যামার গার্ল। অচিরেই শুটিং শেষ হবে শাকিব-তিশা জুটির প্রথম সিনেমার। ‘সোলজার’ নামের এই সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। নির্মাতা সূত্রে জানা গেছে, শুটিং, ডাবিং শেষ করে চলতি বছরেই সিনেমায় অভিষেক ঘটবে তিশার। অভিষেকের অপেক্ষাতেও রয়েছেন তিনি। এরই মধ্যে তিশার নতুন লুক, আত্মবিশ্বাসী উপস্থিতি ও চরিত্রের দৃঢ়তা দর্শকের আগ্রহ বাড়িয়েছে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’ সিনেমাটি ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে নতুন এক সময় বেছে নেওয়ার পরিকল্পনা চলছে বলে জানান নির্মাতা। শাকিব-তিশা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে।

গত বছর সোলজারের অফিশিয়াল ফেসবুক পেজে তানজিন তিশার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করার পর থেকেই নায়িকা হিসেবে তিশাকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ভক্ত-অনুরাগীরা। অভিনেত্রীর নজরকাড়া লুক মুগ্ধ করেছে নেটিজেনদের। পোস্টারে দেখা যায়, ক্যামেরা হাতে অভিনেত্রীর চোখে মুখে ফুটে উঠেছে একজন শক্তিশালী ও নির্ভীক নারীর প্রতিচ্ছবি। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে সিনেমাটিকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। সেখানে তিশার উপস্থিতিও আলোচনায় এসেছে। ছোট পর্দা ও ওটিটিতে কাজের পর বড় পর্দায় তার এই নতুন অধ্যায় কেমন হয়, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন দর্শক।

সিনেমাটিতে তিশার লুকেও এসেছে ভিন্নতা। নতুন লুক, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং চরিত্রের দৃঢ়তা সব মিলিয়ে সিনেমাটিতে তাকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে শাকিব খানের বিপরীতে তার জুটি সিনেমাটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। তবে শুধু জুটি নয়, চরিত্রটিও তিশার জন্য গুরুত্বপূর্ণ। বড় পর্দায় প্রথমবারের মতো নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে এই সিনেমা তার ক্যারিয়ারে নতুন একটি অধ্যায় যোগ করতে যাচ্ছে।

নির্মাতা ফাহাদ বলেন, ‘আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি। বর্তমান সময়ের মানুষের মধ্যে যে সামগ্রিক ভাবনা, চিন্তা, আর বাস্তবতা, সেই গল্পটাই তুলে ধরার চেষ্টা করেছি। দিন শেষে আমাদের গল্পটা আশার। আমরা জাতি হিসেবে যত সংকটে পড়ি না কেন, আশাবাদী থাকি সেটাই তুলে ধরা হচ্ছে সিনেমায়। আমাদের গল্পের ভেতরে একটা দর্শন আছে, একটা ভাবনা আছে। দর্শক যেন সিনেমা দেখে অনুপ্রাণিত হয় এবং হল থেকে বের হয়ে নিজের জায়গা থেকে কিছু করার তাগিদ অনুভব করে দেশকে এগিয়ে নেওয়ার সেই বার্তাই দিতে চাই। এই সিনেমার মাধ্যমে তিশাও নায়িকা হিসেবে চলচ্চিত্রে নিজের পাকা একটা অবস্থান তৈরি করবেন বলে আমার বিশ্বাস।’

তবে নতুন সিনেমা নিয়ে প্রত্যাশায় থাকলেও চলমান ঝলমল ক্যারিয়ার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তানজিন তিশা। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নবাগত এই চিত্রনায়িকা বলেন, ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করছি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায্য মনে হয়, ন্যায়বিচারও পাই না। বিশেষ করে আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যেকোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার। এ কারণেই আমার মনে হয়েছে, আমি কেন স্বর্ণের গয়না ব্যাগে রেখে ঘুরব? আমি সেটা পরেই তো ঘুরতে পারি। আমাদের মেয়েদের জন্য নিরাপত্তা আরও জোরদার করা উচিত।’