নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক রিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল রবিবার দুপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রিকশাচালককে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক রিকশাচালক প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ সেøাগান দিচ্ছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মনির নামের আটক রিকশাচালকের বাড়ি বরগুনা জেলায়।
কোতোয়ালি থানার ওসি রবিউল ইসলাম জানান, ছাত্রদলের নেতাকর্মীরা একজনকে ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। আটকের পরে হয়তো মারধর করেছে। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হবে।