যবিপ্রবিতে ফ্রি ডিজিটাল পেমেন্ট

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়া ডিজিটাল অটোমেশন পদ্ধতিতে শিক্ষার্থীদের সব ধরনের পেমেন্ট ও ফি আদায় কার্যক্রম চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে পূর্ণাঙ্গ ক্যাশলেস ও অটোমেটেড ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।

গতকাল রবিবার বেলা ৩টায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়ে একপে (বশঢ়ধু) পেমেন্ট গেটওয়ের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সব সময়ই অগ্রগামী। দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা শিক্ষার্থীদের সব ধরনের ফি ও পেমেন্ট সেবা কোনো সার্ভিস চার্জ ছাড়া ডিজিটাল অটোমেশনের আওতায় নিয়ে এসেছি। এর মাধ্যমে ব্যাংকের দীর্ঘ লাইনে দাঁড়ানোর দিন শেষ হলো এবং প্রশাসনিক কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হলো। শিক্ষার্থীবান্ধব ও পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাশলেস ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আমাদের এই প্রযুক্তিবান্ধব পদক্ষেপ অব্যাহত থাকবে।’ ডিজিটাল অটোমেশন পেমেন্ট নিয়ে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের সময় বাঁচানো এবং তাদের ক্যাম্পাস জীবনকে আরও সহজ ও গতিশীল করা।