রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ কোস্ট গার্ড মহাপরিচালকের

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান। গতকাল রবিবার সকালে বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস ইউং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি এ সময় উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা, মাদক, চোরাচালান ও মানব পাচার রোধ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ রক্ষা ও পানিদূষণ রোধে কোস্ট গার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমা রক্ষায় কোস্ট গার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে সরকার বাহিনীর আধুনিকায়ন ও সদস্যদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

সাক্ষাৎকালে কোস্ট গার্ডের মহাপরিচালক বাহিনীর সামগ্রিক কার্যক্রম এবং বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন পেট্রোল বোট ও আধুনিক রেসকিউ হেলিকপ্টার সংগ্রহ এবং অ্যাভিয়েশন উইং স্থাপনের অগ্রগতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। কোস্ট গার্ডের মহাপরিচালক দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তাকে বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।