শ্বশুরবাড়িতে চুরির মামলায় ঘরজামাই কারাগারে 

মানিকগঞ্জের ঘিওরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাসের সুযোগে স্বর্ণালংকার, চেকবই ও এটিএম কার্ড চুরির অভিযোগ সামিউল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় করা মামলার পর রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাটাইকোনা গ্রামের আকবর আলী খান একজন ব্যবসায়ী। প্রায় ১২ বছর আগে তার তৃতীয় মেয়ে মুনিয়া খানমের সঙ্গে নওগাঁর নিয়ামতপুরের সামিউলের প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। পরে সামিউল প্রায় দেড় বছর ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন।

আকবর আলী খান ও তার স্ত্রী অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ঢাকায় মেয়ের বাসায় যান। প্রায় এক মাস পর গত ৩০ আগস্ট বাড়িতে ফিরে তারা সামিউলকে দেখতে পাননি। এ সময় মেয়ের কাছে জানতে পারেন, টাকা আনার কথা বলে সামিউল নিজ বাড়িতে গেছেন। পরে ইসলামী ব্যাংকের চেকবই খুঁজতে গিয়ে বাড়ির দ্বিতীয় তলায় একটি ঘরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান আকবর আলী। সেখানে থাকা ট্রাংক ও লকারের তালাও ভাঙা ছিল।

পরে ট্রাংক ও লকার খুলে দেখা যায়, সেখানে রাখা তার স্ত্রীর তিনটি স্বর্ণের চেইন, পাঁচ জোড়া কানের দুল, দুটি হাতের বালা, একটি সিতাহার, দুটি আংটি ও একটি ব্রেসলেট নেই। এ ছাড়া ইসলামী ব্যাংকের ২০ পাতার একটি চেকবই ও একটি এটিএম কার্ডও পাওয়া যায়নি। এজাহারে স্বর্ণালংকারগুলোর ওজন প্রায় ৬ ভরি এবং মূল্য প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা উল্লেখ করা হয়। পরে  অভিযানে উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ প্রায় সাড়ে ৬ ভরি, যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা বলে জানায় পুলিশ।

মামলার বাদীর দাবি, তিনি চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার ১০-১২ দিন পর তার মেয়ে জানতে পারেন, সামিউল ওই স্বর্ণালংকারগুলো দেখিয়েছিলেন। পরে সামিউলের মোবাইল ফোনে যোগাযোগ করে স্বর্ণালংকার, চেকবই ও এটিএম কার্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। এরপর আকবর আলী খান চুরির অভিযোগে ঘিওর থানায় মামলা (নম্বর-২) করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন চক্রবর্তী জানান, রিমান্ডে সামিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চুরি যাওয়া প্রায় সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।