জমি নিয়ে বিরোধ

রামপালে ধারালো অস্ত্রের আঘাতে ছেলে নিহত, বাবা আহত

বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মেহেদী হাসান ইতু নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামে এঘটনায় নিহতের বাবা শেখ ফরিদ উদ্দীন আহত হয়েছেন।

নিহত মেহেদী হাসান (২৪) ওই গ্রামের বাসিন্দা।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব আল রশীদ জানান,  জমির সীমানা নিয়ে অনেকদিন ধরে রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের শেখ ফরিদ উদ্দীনের সঙ্গে তার চাচাতো ভাই শেখ বাকিবিল্লাহর বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার সকাল ৭টার দিকে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চাচাতো ভাই বাকিবিল্লাহ ফরিদ উদ্দীন ও তার ছেলের ওপর ক্ষুব্ধ হয়ে ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তাদের এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে বাড়ি থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেহেদী হাসানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর আহত ফরিদ উদ্দীনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। হামলার সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হামলার সাথে জড়িতদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।