শ্যামনগরে বিক্ষোভ

মরিয়মের মৃত্যু রহস্য উদঘাটন ও নজরুলের শাস্তি দাবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুরহস্য উদঘাটন ও গাজী নজরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শ্যামনগরের স্থানীয় বাসিন্দারা। এ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা পৌনে বারোটায় শ্যামনগর জেসি কমপ্লেক্সের সামনে থেকে সচেতন নাগরিক কমিটির ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সহস্রাধিক নারী পুরুষ শ্যামনগরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে শ্যামনগর প্রেসক্লাবের সামনে গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ করে।

শ্যামনগরের মাসুদ রানা বলেন, মরিয়মের মৃত্যুর মূল কারণ গাজী নজরুল বলে উল্লেখ করেন তাই তার শাস্তির দাবি জানান তিনি। ভুরুলিয়া গ্রামের মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, গাজী নজরুল একজন নীতিহীন পথভ্রষ্ট মানুষ তাকে আইনের আওতায় নিয়ে আসার দাবি দীর্ঘদিন থেকে করে আসছিলেন শ্যামনগরের মানুষ। সেই দাবির প্রতি মনোযোগ দিলে মরিয়মকে জীবন দিতে হতো না। 

আটুলিয়া গ্রামের আশরাফুজ্জামান হেলাল জানান, গাজী নজরুল আজীবন একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। তিনি গরিবের টিন চুরি থেকে অপরাধমূলক নানা কর্মকাণ্ড ঘটিয়েছেন। কিন্তু রাজনীতি ও জনপ্রতিনিধি বিবেচনায় সব সময় নিজেকে নিরাপদ রেখেছেন। 

শ্যামনগর সদরের রাবেয়া খাতুন বলেন, মরিয়মকে বিয়ের কথাটি গাজী নজরুল প্রতারণামূলক প্রচারণা চালিয়েছিলেন শুরুতে সেই অপরাধ চিহ্নিত করতে পারলে, আজকে মরিয়মের প্রাণহানি ঠেকানো যেতো।
একই এলাকার রাফিয়া ইসলাম বলেন, গাজী নজরুল সাতক্ষীরার মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। মহান সংসদের উচিত তাকে শুধু বরখাস্ত নয় তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা নিশ্চিত করা।