বকেয়া বেতনের দাবি

গাজীপুরে সড়কে টায়ার জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।

শ্রমিকরা জানান, গত আগস্ট ও চলতি মাস (সেপ্টেম্বর) মাসের বেতন আমাদের বকেয়া রয়েছে। ওই টাকা পরিশোধ না করেই আমাদের কারখানা ছুটি দিয়েছে।  এই মাসের ১০ তারিখ বেতন দেয়ার কথা ছিল। কিন্তু একাধিকবার সময় দিয়েও বেতন দিচ্ছে না৷ এজন্য আমরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রেখেছি৷

ওই কারখানার শ্রমিক আতাউর বলেন, নির্ধারিত সময় পার হয়ে গেলেও বেতন পরিশোধ না করায় আমরা সমস্যায় পড়ে গিয়েছ৷ কারখানাও বন্ধ, বেতনও নেই। আমার মত ৪০০ থেকে ৫০০ শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি৷

কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানায় ১ হাজার ৩০০ শ্রমিক রয়েছে। আগস্ট মাসের বেতন ১০ সেপ্টেম্বর দেয়ার কথা ছিল কিন্তু সেটি মালিকপক্ষ দিতে পারেননি৷ পরে বেতন দেয়ায় ব্যর্থ হওয়ায় কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করেছে৷

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকদের দাবি দ্রুত মেটানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এবিষয়ে ওই কারখানার মালিক আনোয়ার হোসেনকে একাধিকবার ফোন দিয়েও কোন বক্তব্য পাওয়া যায়নি।