সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার, থানায় অভিযোগ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

গাজীপুরের কোনাবাড়ীতে ব্যক্তিগত জমি জরিপকে কেন্দ্র করে সংবাদকর্মীর পরিচয় দেওয়া কয়েকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আঃ আজিজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে আজিজ মিয়া বলেন, গত ১৭ সেপ্টেম্বর সকালে কোনাবাড়ীর আমবাগ এলাকায় নিজের জমির বিডিএস জরিপ করাতে গেলে সেখানে প্রায় ৩০-৪০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের কয়েকজন নিজেদের সংবাদকর্মী হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি তাদের পরিচয়পত্র (আইডি কার্ড) ও ভিজিটিং কার্ড দেখাতে বললেও তারা তা দেখাতে পারেননি।

অভিযোগে আরও বলেন, উপস্থিত ব্যক্তিদের কেউ কেউ নিজস্ব ফেসবুক পেজ পরিচালনা করেন এবং নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। পরে তাদের সঙ্গে কথোপকথনের ভিডিও ধারণ করা হয়। পরদিন ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে।  এসব প্রচারের কারণে তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

আজিজ মিয়া বলেন, আমবাগ এলাকায় ভূমি জরিপ চলছে। আমি আমার জমির পর্চা নিয়ে জরিপ অফিসে যাই৷ আমাকে জরিপ অফিসে দেখে ৩০-৪০ জন লোক এগিয়ে আসে। তাদের মধ্যে কয়েকজন সাংবাদিক পরিচয় দেন এবং আমার কাজ করে দিবেন বলে জানান  এসময় আমি তাদের দিয়ে কাজ করাতে অস্বীকার করি এবং তাদের পরিচয় পত্র দেখতে চাই। তারা পরিচয়পত্র না দেখিয়ে আমার প্রতি ক্ষিপ্ত হয় এবং বিভিন্ন পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপতথ্য ছড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, আমি থানায় অভিযোগ দিয়েছি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত