জয়পুরহাটে গৃহবধূ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এর পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আদালতে আসামির উপস্থিতিকে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার সদর উপজেলার খনজনপুর এলাকার রাব্বী হোসেন ও একই এলাকার আবু সাঈদ।

মামলার বিবরণে বলা হয়, গৃহবধু সাজেদা ইসলাম সাজু জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় একটি ভাড়া বাসায় ছোট মেয়েকে নিয়ে থাকতেন। তার স্বামী সিলেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার মেয়ে স্থানীয় একটি স্কুলে পড়ার সুবাদে সেই স্কুলের কম্পিউটার অপারেটর আবু সাঈদের সঙ্গে পরিচয় হয় সাজেদার। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর তার মেয়ে এসএসসি পরীক্ষা দিতে চান। এর মধ্যে আসামিরা গৃহবধূর বাড়িতে গিয়ে তার সঙ্গে শারিরীক সম্পর্ক করতে চাইলে তিনি বাধা দেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে সাজেদার মুখে কসটেপ লাগিয়ে হাত বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে চলে যায়। পরে পরীক্ষা দিয়ে এসে মেয়ে মেঝেতে তার মায়ের মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহানুর রহমান শাহিন রায়ের বিষয়ে নিশ্চিত করেছেন।