মার্সেল মার্সোর প্রয়াণদিবসে মূকনাট্য ‘ম্যাকবেথ’

সর্বকালের শ্রেষ্ঠ মূকাভিনেতা ফরাসি শিল্পী ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সো’র ১৯তম প্রয়াণবার্ষিকী ২২ সেপ্টেম্বর। এ উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে স্বপ্নদলের প্রশংসিত মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। উইলিয়াম শেক্সপিয়রের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনি পুনর্বিন্যাসে এবং ঐতিহ্যের ধারায় বাঙলা মূকাভিনয়রীতিতে নির্মিত ‘ম্যাকবেথ’-এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাক্সক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল ও শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকাণ্ড এবং পরিশেষে তারও একই পরিণতির শিকার হওয়ার বিশ্বখ্যাত ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’। সারাবিশ্বে শেক্সপিয়রের রচনা নিয়ে মঞ্চ-চলচ্চিত্র-টেলিভিশনে নানামাত্রিক সৃষ্টিশীল কাজ হলেও ব্যবহারিক গবেষণাগার পদ্ধতিতে পূর্ণাঙ্গ মূকনাট্য বা মাইমোড্রামা হিসেবে মঞ্চে উপস্থাপন স্বপ্নদলের ‘ম্যাকবেথ’-ই প্রথম। ‘ম্যাকবেথ’-এর অভিনয় শিল্পীরা হলেন- জুয়েনা, হাসান, সুমাইয়া, নিশক, শিশির, শ্যামল, জেবু, সোনালী, অনিন্দ্য, অর্ক, নিসর্গ, শফিক, জাওয়াদ, আলী প্রমুখ।

‘ম্যাকবেথ’ প্রযোজনাটির মঞ্চ-আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন, কোরিওগ্রাফি পরিকল্পনা করছেন হাসানুজ্জামান, পোশাক-সামগ্রী পরিকল্পনা করেছেন জুয়েনা শবনম, হাসানুজ্জামান ও সুমাইয়া শিশির। সঙ্গীত-আবহ পরিকল্পনা করছেন শাখাওয়াত শ্যামল ও মিজাউল ইসলাম খান। প্রযোজনা-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাখাওয়াত শ্যামল। কাল ‘ম্যাকবেথ’-এর ২১তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, মার্সেল মার্সো ফ্রান্সের স্টাসবুর্গ শহরে ২২ মার্চ ১৯২৩-এ জন্মগ্রহণ করেন এবং মূকাভিনয়শিল্পে প্রায় ৬০ বছরের একনিষ্ঠ সাধনা শেষে সর্বজনশ্রদ্ধেয় কিংবদন্তিতুল্য এ শিল্পী ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর প্রয়াত হন।