চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়াল

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭ জন মৃত্যুবরণ করেছেন। 
 
সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
 
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৩ হাজার ৫৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ১৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫৭৬ জন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই প্রাণ হারিয়েছেন ৫ জন এবং জেনারেল হাসপাতালে ১ জন। এছাড়া বেসরকারি হাসপাতালগুলোতে মারা গেছেন ১১ জন।
 
সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি লাগামহীন 
 
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৬ জন এবং মৃত্যু হয়েছিল মাত্র ৫ জনের। কিন্তু কেবল সেপ্টেম্বরের প্রথম ২১ দিনেই নতুন করে ১ হাজার ৫৫৩ জন আক্রান্ত হয়েছেন, যা বছরের মোট আক্রান্তের প্রায় ৪৩ শতাংশ। শুধু শনাক্তের হারই নয়, মৃত্যুর দিক থেকেও সেপ্টেম্বর আগের আট মাসকে ছাড়িয়েছে। এ বছরের মোট ১৭ জন মৃতের মধ্যে ১২ জনই মারা গেছেন এই সেপ্টেম্বর মাসে। অর্থাৎ চলতি বছরের মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশই ঘটেছে কেবল সেপ্টেম্বরের এই ২১ দিনে।
 
এদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে শনাক্ত হয়েছেন ৮৩ জন এবং শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে শনাক্ত হয়েছেন ৪৩ জন। সরকারি হাসপাতালের মধ্যে সর্বোচ্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৩১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৪ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৩ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।
 
বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৪২ জন।
 
এ দিকে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন-এই অভ্যাস আমাদের প্রত্যেককে গড়ে তুলতে হবে।
 
তিনি বলেন, নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। ডেঙ্গু প্রতিরোধ শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়; এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।