ডেঙ্গু-হাম-নিউমোনিয়া

দুই দিনের ব্যবধানে ২ ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

দুই সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা।

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম

বড় ছেলের মৃত্যুর শোক কাটতে না কাটতেই দুই দিনের ব্যবধানে লাইফ সাপোর্টে ছোট ছেলেকেও হারালেন মোহাম্মদ কবির ও আয়েশা বেগম দম্পতি। ডেঙ্গু, নিউমোনিয়া ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তাদের ১০ মাস বয়সী সন্তান মোহাম্মদ আবু বক্কর আরব।

রবিবার (৮ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর মারা যায়। এর আগে গত শুক্রবার সকালে একই হাসপাতালে মারা যায় তার বড় ভাই মোহাম্মদ আরাফাত (১০)। দুই ভাইয়ের শরীরেই ডেঙ্গু শনাক্ত হয়েছিল।

মাত্র কয়েক দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা। সন্তানদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত তাদের বাঁচাতে পারেননি এই দম্পতি।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ছোট ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ কবির বলেন, আমার ছোট ছেলেটাও চলে গেল। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। আমি এখন কী নিয়ে বাঁচব, আমি কী করব?

তিনি আরও বলেন, সকালে হাসপাতাল থেকে ছোট ছেলের মরদেহ নিয়ে বড় ভাইয়ের পাশে মোমেনবাগ কবরস্থানে দাফন করবেন।

গত দুই সপ্তাহ ধরে দুই সন্তানকে সুস্থ করতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটেছেন কবির ও তার স্ত্রী। প্রথমে আরাফাতকে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ইমপেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সর্বশেষ চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার বড় ছেলে আরাফাতের মৃত্যুর পর ছোট ছেলে আরবকে বাঁচাতে চিকিৎসকদের কাছে আকুতি জানান বাবা-মা। লাইফ সাপোর্টে থাকা শিশুটিকে সুস্থ করে তোলার আশায় অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত ছোট ছেলেকেও হারাতে হলো তাদের।

বেসরকারি প্রতিষ্ঠানে মালামাল ওঠানামার কাজ করেন মোহাম্মদ কবির। দুই সন্তানের চিকিৎসার পেছনে ধারদেনা করে এরই মধ্যে প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে তার। এখন দুই সন্তানকে হারিয়ে নিঃস্ব এই দম্পতি।

সর্বশেষ সর্বাধিক পঠিত