জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদিঘী মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশ ও মিছিলে জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ শ্রমিক ও জনতা অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, জনগণের ওপর রাতের আঁধারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সব মিলিয়ে সাধারণ মানুষ আজ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। সরকার জনগণের কষ্ট ও দুর্দশা বোঝার মতো অবস্থায় নেই। মানুষের আয়-রোজগার বাড়ছে না, অথচ প্রতিনিয়ত জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দিতে হবে।
তিনি বলেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। দেশে খুন, ধর্ষণ ও অপহরণের মতো অপরাধ বেড়েই চলেছে; মানুষের জানমালের নিরাপত্তা নেই।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও আবার সন্ত্রাস ও অস্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সরকার পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন, কিন্তু সরকার তাতে সাড়া দিচ্ছে না। দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার কারণে জনগণ দিন দিন দুর্বিষহ অবস্থার দিকে যাচ্ছে। জনগণের দাবি ও দুর্ভোগ অনুধাবন করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে; অন্যথায় সরকারকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুছ, নগর সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ, নগর কর্মপরিষদ সদস্য ও ডবলমুরিং থানা আমীর ফারুকে আযম, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ।