সাতক্ষীরার শ্যামনগরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা এ ঘটনায় গাজী নজরুল ইসলামের সর্বোচ্চ শাস্তি, এমনকি ফাঁসির দাবি জানান। পরে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির শুরু হয়। সেখানে স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন। পরে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে স্থানীয় নাগরিক নেতা আসাদুজ্জামান মিটু, আবুল কালাম মড়ল, রেজাউল ইসলাম, আসিসুর রহমান, নূরনগরের আবুল ইউসুফসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা কোনোভাবেই আড়াল করার সুযোগ নেই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার মৃত্যুর প্রকৃত কারণ বের করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এবং পরবর্তী কর্মকাণ্ড ঘিরে স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ইসলামের সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তারা।
এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার