ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, একটি দল জান্নাতের টিকিট বিক্রি করতে চেয়েছিল কিন্তু বিক্রি হয়নি। এখন বাংলাদেশীদের দোজখের পথে নিতে চায়। দেশে যখন আমরা চেষ্টা করছি সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য কাজ করতে, তখনই একাত্তরের পরাজিত শক্তি আবারও বাংলাদেশে নতুন করে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়।
সোমবার (২১ সেপ্টেম্বর) রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর শিশু পার্ক উদ্বোধন শেষে তারাবো পৌর মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, সরকারের ১ ইঞ্চি জমিও কোনো দখলদারের আয়ত্তে থাকতে দেওয়া হবে না। সরকারি জমি উদ্ধার করে আমরা জনগণের কাজে ও সরকারি কাজে ব্যবহার করব। ভূমি মন্ত্রণালয়ের দীর্ঘদিনের অনিয়ম ও কাজ করার অনীহা এক দিনে ঠিক করা যাবে না।
পরে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তারাবো পৌরসভায় বৃক্ষরোপণ ও সাবমারসিবল পাম্প বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ আরও অনেকে।