কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ার মিরপুরে আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাট বোঝাই একটি ট্রাকের পিছনে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আকরাম হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে মিরপুর উপজেলার সাতমাইল গ্যাস ফিলিং ষ্ট্রেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন উপজেলার পশ্চিম চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার সময় মিরপুর থেকে কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেল ঘটনাস্থলে বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি পাট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-০০১৪) এর পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ট্রাকের পিছনে ঢুকে যায়। এসময় আরোহী আকরাম মারাত্বকভাবে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, বিকল ট্রাকটি উক্ত স্থানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোনো পার্কিং বাতি না জ্বালানোর কারণে অন্ধকারে দূর থেকে আসা মোটরসাইকেল চালক দেখতে না পেয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসময় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালককে খুঁজে পায়নি পুলিশ।