গেমস প্রস্তুতি ম্যাচে ফিফটি তামিমের

এশিয়ান গেমসে অংশ নিতে জাপান যাওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই প্রস্তুতির অংশ হিসেবে গতকাল মিরপুরে নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি ম্যাচ খেলেছেন তারা। দুই ম্যাচের প্রস্তুতি পর্বের প্রথমটিতে লিটন দাসের ‘এ’ দলকে ৬ উইকেটে হারায় নুরুল হাসান সোহানের ‘বি’ দল। ব্যাট হাতে ফিফটি করে আলো ছড়ান তানজিদ হাসান তামিম, তবে তার ইনিংসও ‘এ’ দলকে জয় এনে দিতে পারেনি। সৌম্য সরকারের ঝোড়ো ব্যাটিংয়ে ৩ বল হাতে রেখেই ১৪১ রানের লক্ষ্য পেরিয়ে যায় ‘বি’ দল।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ‘এ’ দল। শুরু থেকেই হাল ধরেন তামিম। ৪৬ বলে ৫৫ রানের পরিণত ইনিংস খেলেন বাঁহাতি এ ওপেনার। তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। প্রস্তুতি ম্যাচ হলেও দীর্ঘ সময় উইকেটে থেকে নিজের ব্যাটিংয়ের ছন্দের জানান দেন তিনি। তাকে সঙ্গ দেওয়া অধিনায়ক লিটন অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি। ২৩ বলে ২৩ রান করে ফেরেন। তামিমের সঙ্গে দলের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাইফ হাসান। ২৫ বলে ৩৪ রান করেন তিনি। ইয়াসির আলী যোগ করেন ১৪ রান। শেখ মেহেদী হাসান করেন ৭ রান। শেষ দিকে নাসুম আহমেদ ১৪ বলে ৮ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে ‘এ’ দল।

‘বি’ দলের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শরিফুল ইসলাম। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নেন এ বাঁহাতি পেসার। রিশাদ হোসেনও শিকার করেন ২ উইকেট। এ ছাড়া আলিস আল ইসলাম ও মোসাদ্দেক হোসেন পান একটি করে উইকেট। ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় ‘বি’ দল। তবে সৌম্য সরকারের আক্রমণাত্মক ব্যাটিং দ্রুতই ম্যাচের গতিপথ বদলে দেয়। ৪৪ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার চারটি চার ও চারটি ছক্কায় সাজানো ইনিংসটি ‘বি’ দলের রান তাড়াকে সহজ করে দেয়। সঙ্গে নাঈমও রাখেন গুরুত্বপূর্ণ অবদান। ২৬ বলে ২৯ রান করেন এই ওপেনার।

এরপর সাব্বির রহমান ২৬ রান করে জয়ের ভিত আরও শক্ত করেন। শেষ দিকে অধিনায়ক সোহান ১৩ বলে ১৭ রানের কার্যকর ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।