এশিয়াডে ভরাডুবি বাংলাদেশের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ এএম

এশিয়ান গেমসে পদক পুনরুদ্ধারের পথে পুরুষ কাবাডি দল। তবে অন্য ডিসিপ্লিনগুলোতে সেই হতাশার চিত্র।

হকিতে মালয়েশিয়ার কাছে হার

এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ নারী হকি দল। গতকাল সোমবার এ- পুলের ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নেওয়া বাংলাদেশ নারী হকি দলের জন্য আসরটি শুরু হয়েছিল কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। অভিষেক ম্যাচেই বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন ও বিশ্ব র‌্যাংকিংয়ে তৃতীয় স্থানে থাকা চীনের কাছে ১৩-০ গোলে হেরেছিল তারা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, ২৩ সেপ্টেম্বর। এরপর ২৫ সেপ্টেম্বর কাজাখস্তান এবং ২৭ সেপ্টেম্বর চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে তারা।

টিটিতে লজ্জার হার সোমাদের

এশিয়ান গেমসে টেবিল টেনিসের নারী দলগত ইভেন্টে উত্তর কোরিয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কোনো ম্যাচ জিততে পারেননি। উত্তর কোরিয়ার দলে রয়েছেন এশিয়ার শক্তিশালী টেবিল টেনিস খেলোয়াড় কিম কুম-ইয়ং। এর আগে চলতি এশিয়ান গেমসেই তিনি চাইনিজ তাইপের বিপক্ষে দুটি একক ম্যাচে জয় পেয়েছেন। বাংলাদেশের নারী টেবিল টেনিস দলে রয়েছেন সোনম সুলতানা সোমা, নওরিন মাহি ও তুশি সামন্তা। এর আগের ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে সোমা হেরেছিলেন ইয়েহ ই-তিয়ানের কাছে, নওরিন মাহি হেরেছিলেন চেং ই-চিংয়ের কাছে এবং তুশি সামন্তা হেরেছিলেন পেং ইউ-হানের কাছে। নারীদের দ্বৈত ইভেন্টেও উত্তর কোরিয়ার কাছে ৩-০ সেটে হেরেছে বাংলাদেশ।

জিমন্যাস্টিকসে রাজিবের লড়াই

আর্টিস্টিক জিমন্যাস্টিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন রাজিব চাকমা। সোমবার পুরুষদের অল-অ্যারাউন্ড ও টিম, অ্যাপারেটাস কোয়ালিফিকেশন পর্বে অংশ নেন বাংলাদেশের এই জিমন্যাস্ট। এশিয়ান গেমসের জিমন্যাস্টিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে নাগোয়া সিটি জেনারেল জিমনেশিয়াম, রেইনবো হলে। ভল্টিং টেবিলে রাজীব ১৩.০১৬ পয়েন্টে ১২ জনের মধ্যে দশম হন।

কারাতেকা হুমায়রা অন্তরা প্রথম রাউন্ডে বাদ

জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসে কারাতের নারী কুমিতে ৬১ কেজি ওজন শ্রেণিতে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েন বাংলাদেশের হুমায়রা আক্তার অন্তরাকে। সোমবার টয়োহাশি সিটি জেনারেল জিমনেশিয়ামে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে কম্বোডিয়ার চাকরিয়া ভানের কাছে ৫-০ পয়েন্টে হেরে যান বাংলাদেশের এই কারাতেকা। অন্তরার এশিয়ান গেমস অভিযান অবশ্য শুরু হয়েছিল হার দিয়ে। শেষ ষোলোর লড়াইয়ে তার প্রতিপক্ষ ছিলেন কাজাখস্তানের আসেল কানাই। শক্তিশালী এই প্রতিপক্ষের কাছে ৯-১ পয়েন্টে হেরে যান অন্তরা। কানাই পরে একের পর এক জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেন। ফলে তার কাছে হারা অন্তরা রেপেশাজের মাধ্যমে ব্রোঞ্জের লড়াইয়ে সুযোগ পান। কানাই শেষ পর্যন্ত মঙ্গোলিয়ার মারালজিংগু পুরেভজাভকে ৬-০ এবং কম্বোডিয়ার চাকরিয়া ভানকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেন। এরপর চীনের গং লির কাছে ফাইনালে হেরে রৌপ্য জেতেন কানাই। অন্যদিকে পুরুষদের কুমি-৬৭ কেজিতে কাতারের ইয়ামান আলনাশেখের কাছে ৮-৩ পয়েন্টে হেরে বিদায় নেন। 

শুটিংয়েও ভরাডুবি

অন্য আর ১০টা ইভেন্টের মতো শুটিংয়েও ভরাডুবি হয়েছে বাংলাদেশের শুটারদের। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে ৬২৩.৯ পয়েন্ট স্কোর করে ৪৬ জনের মধ্যে ২৫তম হন অর্নব শারার। ৬২২.৩ স্কোর করে রবিউল ইসলাম হন ৩১তম। অন্যদিকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে ১৮৬৭.৫ স্কোর করে ১৩ দেশের মধ্যে দশম হয় বাংলাদেশ।

সাঁতারে মো. ইসলাম হিটেই বাদ

সাঁতারে অগ্রজদের পদাঙ্কই যেন অনুসরণ করলেন বাংলাদেশের আরেক সাঁতারু মো. ইসলাম। টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইলে দুই নম্বর হিটে নেমে ২৪.৩৮ সেকেন্ড সময় নিয়ে ১০ জনের মধ্যে ষষ্ঠ হয়ে বাদ পড়েন।

সর্বশেষ সর্বাধিক পঠিত