চলতি বছরের পুলিশ পদকের তালিকা সংশোধন করে নতুন একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৯২ পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তালিকায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ ৯২ পুলিশ সদস্যের নাম রয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে চলতি বছরের ১০ মে পুলিশ সপ্তাহে ১০৭ জনের পদকের তালিকা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে দেশ রূপান্তর বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করলে উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন রাতে তালিকার কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয় পুলিশ সদর দপ্তর। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে পদক পরিয়ে দেওয়ার কথা ছিল।
গতকাল জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালে ১ মার্চ থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদানসহ ৪ ক্যাটাগরিতে ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়ার কথা বলা হয়।