রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কির শর্ত

রাশিয়া ইউক্রেনের জ্বালানি খাত, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও খাদ্য রপ্তানিতে হামলা বন্ধ করলে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে প্রস্তুত ইউক্রেন। খবর আনাদোলু এজেন্সি।

সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ইউক্রেনের জ্বালানি খাত, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও খাদ্য রপ্তানি রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হওয়া বন্ধ করতে হবে। এর বিনিময়ে ইউক্রেনও একই ধরনের উত্তেজনা প্রশমনের পদক্ষেপ নেবে।

তিনি জানান, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত কিয়েভ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে এ বিষয়ে অংশীদারদের সঙ্গে আলোচনা হতে পারে।

জেলেনস্কি আরও বলেন, যুদ্ধের অবসান ও শান্তির পথ এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের সঙ্গে ইউক্রেনের আলোচনা চলছে। এ নিয়ে বিভিন্ন প্রস্তাবও আলোচনায় রয়েছে।

তিনি বলেন, শান্তির লক্ষ্যে সমাধান সম্ভব এবং ইউক্রেন এ বিষয়ে কাজ করতে প্রস্তুত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মিত্রদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে।

জেলেনস্কির এ বক্তব্য এমন সময় এলো, যখন গত ২০ সেপ্টেম্বর ফোনালাপে ইউক্রেনের রুশ তেল শোধনাগারে হামলার বিষয়টি বারবার তুলেছিলেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউইয়র্কে জেলেনস্কি ও ট্রাম্পের বৈঠকের বিষয়ে দুজনের মধ্যে সমঝোতা হয়েছে। জেলেনস্কির ভাষ্য, এ বৈঠক যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।