রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শনিবার দুই দেশই এসব হামলা ও হতাহতের তথ্য জানিয়েছে। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পঞ্চম বছরে গড়ানো যুদ্ধের মধ্যেই উভয় পক্ষের হামলা আরও তীব্র হয়েছে। খবর ফ্রান্স ২৪।
২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ এই যুদ্ধের গত গ্রীষ্ম ছিল সবচেয়ে প্রাণঘাতী। এরপর মস্কো ও কিয়েভ উভয়েই হামলার মাত্রা বাড়িয়েছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। অন্যদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলের বাকি অংশ দখলের লক্ষ্য থেকে সরে আসেনি ক্রেমলিন।
ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ হামলায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি, জাপোরিঝঝিয়া ও দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দনিপ্রোপেত্রোভস্কের ১৭ বছর বয়সী এক কিশোরীও রয়েছে।
রাজধানী কিয়েভেও বেশ কয়েকজন আহত হয়েছেন। এর এক দিন আগে দিনের বেলায় রুশ হামলায় শহরটিতে সাতজন নিহত হন। নতুন করে আরেকটি যুদ্ধকালীন শীতের প্রস্তুতির মধ্যে থাকা কিয়েভে রাশিয়া হামলা আরও জোরদার করেছে।
অন্যদিকে, রাশিয়ার দাবি, ইউক্রেনের হামলায় দেশটির ক্রাসনোদার ও বেলগোরোদ অঞ্চলে চারজন নিহত হয়েছেন।
মস্কোর নিয়োগ করা খেরসন অঞ্চলের দখলদার প্রশাসনের প্রধান ভ্লাদিমির সালদো জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় ক্রিমিয়ার কাছে আসকানিয়া-নোভা গ্রামে একটি ক্যাফেতে ইউক্রেনীয় ড্রোন হামলা চালায়। তিনি টেলিগ্রামে জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে ২০০৪ ও ২০০৬ সালে জন্ম নেওয়া দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। একই এলাকায় আরও এক ব্যক্তি নিহত হয়েছেন বলেও জানান তিনি।
এ ছাড়া মস্কো-নিয়োজিত জাপোরিঝঝিয়া অঞ্চলের কর্মকর্তা ইয়েভগেনি বালিতস্কি জানান, রাতে ইউক্রেনের হামলায় দখল করা জাপোরিঝঝিয়া অঞ্চলে আরও তিনজন নিহত হয়েছেন।
যুদ্ধের কারণে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ বন্ধের একটি চুক্তি ‘হতে যাচ্ছে’। তবে অনেক পর্যবেক্ষকের কাছে যুদ্ধ অবসানের সেই সম্ভাবনা এখনও দূরবর্তী বলেই মনে হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেছেন, রাশিয়া ‘প্রতিদিনই উত্তেজনা বাড়াচ্ছে’। তার ভাষ্য অনুযায়ী, রাশিয়ার ছোড়া জেটচালিত ড্রোনের বর্তমানে ৫৫ শতাংশ প্রতিহত করছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এদিকে শনিবার রাশিয়াতেও পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। চলতি বছর ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডের আরও গভীরে হামলা চালিয়েছে; এমনকি উরাল পর্বতমালা ও সাইবেরিয়া পর্যন্ত হামলার ঘটনা ঘটেছে।
জেলেনস্কি জানান, ইউক্রেন দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি তেল শোধনাগারে এবং পাশের রোস্তভ অঞ্চলের দখলদার বাহিনীকে সরবরাহকারী একটি কারখানায় হামলা চালিয়েছে।
রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে জোরদার হচ্ছে মার্কিন তৎপরতা
রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত ১০
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১০