যে নাটক দেখে দর্শক বলছেন, ‘ভিউ বেশি হওয়া উচিত ছিল’

ছোটবেলার ভালোবাসা। সময়ের সঙ্গে বদলে যাওয়া জীবন। একদিকে শারীরিক প্রতিবন্ধকতা, অন্যদিকে প্রিয় মানুষকে নিজের সমান করে পাওয়ার আকাঙ্ক্ষা—এমন আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সমান সমান’। নাটকটি এরই মধ্যে দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

নাটকের গল্পে শিউলি ও রতনের পরিচয় ছোটবেলা থেকে। শিউলি এখন শিউলি ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। আর রতন শহরের পথে পথে শিশুদের খেলনা বিক্রি করেন। অভাব-অনটনের মধ্যেও শিউলিকে ভালোবেসে সবসময় তার পাশে থাকে রতন।

তবে ছোটবেলার এক অসুস্থতায় শিউলির একটি পা নষ্ট হয়ে যায়। এরপর এক পায়ে ভর করেই জীবনযুদ্ধ চালিয়ে যেতে থাকেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতার কারণে রতনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও হীনম্মন্যতায় ভোগেন শিউলি। তার মনে হয়, এই শারীরিক পার্থক্যের কারণে তারা কখনোই ‘সমান সমান’ হতে পারবেন না। 

এদিকে মেয়ের বিয়ের জন্য উদ্যোগী হন শিউলির মা। শিউলির শারীরিক অবস্থার কথা জেনেও এক ব্যক্তি তাকে বিয়ে করতে রাজি হন। একপর্যায়ে বিয়ের দিন-তারিখও ঠিক হয়ে যায়। 

এমন পরিস্থিতিতে শিউলিকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা শুরু করে রতন। প্রিয় মানুষটির সঙ্গে নিজেকে সমান করে তুলতে একসময় নিজের একটি পা হারানোর কথাও ভাবতে শুরু করে সে। রতনের এই আত্মত্যাগের আকাঙ্ক্ষা থেকেই গল্পে তৈরি হয় আবেগঘন টানাপোড়েন।

সাইফুল আলম শামীম ও রওনক রিপনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রওনক রিপন। রতন ও শিউলি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নিশা চৌধুরী।

নাটকটি প্রথমে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হয়। সম্প্রতি ইউটিউবেও প্রকাশ করা হয়েছে ‘সমান সমান’। ভিউ খুব বেশি না হলেও দর্শকদের মন্তব্যে নাটকটির প্রশংসা দেখা যাচ্ছে।

এক দর্শক মন্তব্য করেছেন, ‘ভালো লেগেছে নাটকটি। তবে ভিউ আরও বেশি হওয়া উচিত ছিল।’ আরেকজন লিখেছেন, ‘নিশা চৌধুরীর অভিনয়টা খুব সুন্দর হয়েছে।’ অন্য একজনের মন্তব্য, ‘খুব সুন্দর একটি কাজ।’

শ্যামল মাওলা ও নিশা চৌধুরী ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, আয়মন শিমলা, শিল্পী সরকার, সাইফুল আলম শামীম, শিশুশিল্পী কথা, কিষাণসহ আরও অনেকে।