ঢাবি তরুণ লেখক ফোরামের সভাপতি জোবাইদুল, সম্পাদক ঝুমু

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী জোবাইদুল ইসলাম সভাপতি এবং ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের একই সেশনের শিক্ষার্থী মাইফুল জামান ঝুমু সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার স্বাক্ষর করা বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

‎নবনির্বাচিত সভাপতি জোবাইদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ থেকেই লেখক ফোরামের সাথে ছিলাম এবং বাকি সময়টাও সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে ফোরামকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। সংকটগুলো কাটিয়ে উঠে ফোরামকে একটি আদর্শ ও কার্যকরী লেখালেখির সংগঠন হিসেবে দাঁড় করাতে চেষ্টা করব।

‎তিনি আরও বলেন, লেখালেখির মাধ্যমে একজন লেখক মূলত নিজের জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেন। পত্রিকায় লেখালেখির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে এবং দেশের বিভিন্ন সংকট দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লেখালেখির মাধ্যমে সমাজ ও দেশের জন্য কাজ করে যাওয়ার লক্ষ্যে তরুণ কলাম লেখক ফোরামের এই অদম্য যাত্রা অব্যাহত থাকবে।

‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাইফুল জামান ঝুমু বলেন, বাংলাদেশের অসংখ্য তরুণের চিন্তা, চেতনা ও সম্ভাবনাকে পত্রিকার পাতায় তুলে ধরার অন্যতম অনুপ্রেরণার নাম বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। পরিবারের অনুপ্রেরণায় একসময় পত্রিকায় লেখালেখি শুরু করেছিলাম। নিজের কয়েকটি লেখা প্রকাশিত হওয়ার পর যুক্ত হই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সঙ্গে। পরিবারের উৎসাহের পাশাপাশি এই ফোরাম আমাকে লেখালেখির পথে নতুন প্রেরণা ও আত্মবিশ্বাস জুগিয়েছে। মাস শেষে নিজের লেখার মূল্যায়ন দেখার অনুভূতি আমাকে আরও ভালো লেখার অনুপ্রেরণা দিয়েছে।

ঝুমু আরও বলেন, ‎আমি আশা করি এবার আমার নিজের নেতৃত্বের মাধ্যমে নতুন লেখকরা সেই অনুপ্রেরণা পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামকে সত্যিকারার্থেই লেখকবান্ধব হিসেবে গড়ে তোলা এবার আমার দায়িত্ব।