চট্টগ্রামের সাবেক এমপি মিতা ঢাকায় গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।

গুলশান-২ এর একটি বাড়ি থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপকমিশনার আ.ফ.ম আনোয়ার হোসেন খান।

গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের ২৯ নম্বরের ওই বাড়িতে অভিযান চালানোর কথা বলেছে ডিবি।

আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারের পর মিতাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা কাজ প্রক্রিয়াধীন।

মিতা চট্টগ্রাম-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১০ম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে সংসদে গিয়েছিলেন।

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর নিজ এলাকা চট্টগ্রামের সন্দ্বীপে তাকে একাধিক মামলার এজাহারনামীয় আসামি করা হয়।