চলে গেলেন রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি

শারদীয় উৎসবের আগেই বড় দুঃসংবাদ বলিউডের মুখার্জি পরিবারে। মারা গেলেন অভিনেত্রী রানী মুখার্জির মা অভিনেত্রী কৃষ্ণা মুখার্জি। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার জন্য সকলের কাছে আবেদন জানানো হয়েছে। 

পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, রানী মুখার্জির মা শ্রীমতী কৃষ্ণা মুখার্জি ৭৫ বছর বয়সে আজ দুপুরে প্রয়াত হয়েছেন।’ শোকের এই সময়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরিবারের তরফে আবেদন, বলা হয়েছে, এই গভীর শোকের মুহূর্তে সকলে যেন তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করেন। 

কৃষ্ণা মুখার্জি নিজেও বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বেশ কিছু ছবিতে প্লেব্যাকও করেছেন। রানির জীবনে তাঁর মায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে মায়ের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা বারংবার বলেছেন অভিনেত্রী। অভিনয়ের ক্ষেত্রে মা যে রানির অন্যতম বড় অনুপ্রেরণা ছিলেন, সে কথাও নানা সময়ে বলেছেন অভিনেত্রী।