প্রথমবারের মতো ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন অভিনেত্রী শার্লিন ফারজানা ও অভিনেতা তৌসিফ মাহবুব। নাম চূড়ান্ত না হওয়া এই ফিল্মটি নির্মাণ করছেন ভিকি জাহেদ। পরিচালক সূত্রে জানা গেছে, নির্মাতার পরিচিত ধাঁচেই সাসপেন্স-থ্রিলার গল্পে তৈরি হবে এটি। ফলে প্রথমবার একসঙ্গে তৌসিফ ও শার্লিনকে দর্শক কেমন রসায়নে দেখতে পাবেন, তা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
বর্তমানে নিজের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভিকি জাহেদ। সেই কাজ শেষ করেই নতুন ওয়েব ফিল্মটির শুটিং শুরু করবেন তিনি। এরপর একই অভিনেতাকে নিয়ে শুরু করবেন ‘চক্র ৩’-এর কাজ। সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে তৌসিফ-শার্লিন অভিনীত নাম চূড়ান্ত না হওয়া ওয়েব ফিল্মটি নতুন বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে পারে।