আরও ভিন্ন এক রূপে হাজির হচ্ছেন ছোট পর্দার সময়ের ব্যস্ত অভিনেতা তৌসিফ মাহবুব। শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’-তে এবার পাইলটের চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রের প্রয়োজনে তৌসিফকে একেবারে পেশাদার পাইলটের বেশ ধারণ করতে হয়েছে। সাদা শার্ট, গলায় টাই, কালো প্যান্ট, কালো ক্যাপ, বুকের ওপর পাইলটের ব্যাজ ও চোখে কালো চশমা—সব মিলিয়ে তার লুক এতটাই বাস্তবসম্মত যে একনজরে দেখলে অভিনেতা হিসেবে চেনার উপায় নেই। আজ সোমবার সকালে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার ফ্লাইটে যাওয়ার পথে পাইলটের পোশাক পরে বিমানবন্দরে ঢোকার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তৌসিফ। সেখানে বেশ মজার পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। অভিনেতার ভাষায়, ‘অভিনয়জীবনে আমি অনেক চরিত্রে ঢোকার সুযোগ পাই। এই সুযোগটা যে কতটা আনন্দ দেয়, সেটা বলে বোঝাতে পারব না।’
পাইলটের সাজে বিমানবন্দরে প্রবেশের অভিজ্ঞতা জানিয়ে তৌসিফ বলেন, ‘যখন পাইলট সেজে পোশাক পরে ডমেস্টিক এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করি, আশপাশের মানুষ বুঝতেই পারেনি যে আমি তৌসিফ মাহবুব। পাইলটের মতোই সম্মান পাচ্ছিলাম। যারা নিয়মিত আমার কাজ দেখেন, তারাও কনফিউজড- আমি পাইলট নাকি অভিনেতা তৌসিফ মাহবুব! সবাই দুই-তিনবার করে আমার দিকে তাকাচ্ছিলেন। বিষয়টিতে আমি খুব মজা পেয়েছি। এই মজাটা পাওয়ার জন্যই ইচ্ছা করে মানুষের মধ্যে গিয়ে ঘোরাঘুরি করেছি।বাংলাদেশের পাইলটরা যেভাবে পোশাক পরেন, সেটি দেখে আমার বডির মাপ অনুযায়ী কাস্টমাইজ করে পোশাকটি বানিয়ে নিয়েছি।’ পাইলটের পোশাক পরার অনুভূতি নিয়েও কথা বলেছেন তৌসিফ। তার ভাষায়, ‘এই পোশাক পরে বুঝতে পারছি, এই পেশাটির সম্মান কতটা এবং এটি কতটা গর্বের। এই পোশাক পরার কারণে আমিও কিছুটা সম্মান পাচ্ছি।’
‘ক্যাফে আমব্রেলা’ এটি একাধিক চরিত্রের সমান্তরাল গল্প। এতে তিন-চারটি আলাদা গল্প একে অপরের সঙ্গে যুক্ত হবে। রোমান্স ও ড্রামা ঘরানার এই কনটেন্টের নামের সঙ্গে ‘ক্যাফে’ শব্দটি থাকলেও এটি কোনো রেস্টুরেন্ট বা খাবারকেন্দ্রিক গল্প নয়। বরং মানুষের সম্পর্ক, অনুভূতি ও আবেগের নানা দিক উঠে আসবে গল্পে। বর্তমানে কক্সবাজার বিমানবন্দরসহ কয়েকটি লোকেশনে চলছে ‘ক্যাফে আমব্রেলা’র শেষ দিকের শুটিং। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন লাক্স তারকা বিদুষী বর্ণিতা। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘ক্যাফে আমব্রেলা’।
‘এমন ম্যাচিওরিটি থাকলে আমরা আলাদা হতাম না'
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
জুয়া খেলার অভিযোগে চট্টগ্রামে ছয়জন গ্রেপ্তার