সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন। চলতি বছর ডেঙ্গুতে একদিনে এটাই হাসপাতালে সর্বোচ্চ ভর্তির রেকর্ড।
আজ মঙ্গলবার (২২ সেপ্টম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্যবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছে মোট ১৯৫ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ হাজার ৪৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে দুজন এবং ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা ও বরিশাল বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭৪১ জন।
এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৯১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫৯ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ৩৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ছাড়া খুলনা বিভাগে ৩১৬ জন, বরিশাল বিভাগে ১৯০, চট্টগ্রাম বিভাগে ২৮৫, রাজশাহী বিভাগে ১৬২, ময়মনসিংহ বিভাগে ১০৫, রংপুর বিভাগে ৬৭ এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৪৭৭ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬০ হাজার ৫৬০ জন।