জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি চট্টগ্রাম মহানগর ও সহযোগী সংগঠন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের দাম কমছে, তখন দেশে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কঠিন করে দিচ্ছে।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী, জসিম উদ্দিন ওপেল ও শেখ মোহাম্মদ সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল্লাহ বিন ফারুক, যুগ্ম সদস্য সচিব আজগর আলী আশিক, সাংগঠনিক সম্পাদক জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও ডা. মোহাম্মদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে জ্বালানি তেলের এই অযৌক্তিক ও গণবিরোধী বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। সাধারণ মানুষের পকেট কেটে খাতের অব্যবস্থাপনা ও লুটপাটের দায় চাপানোর নীতি দেশের জনগণ আর মেনে নেবে না। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য থেকে শুরু করে পরিবহন ও কৃষিখাতে যে চরম সংকট তৈরি হয়েছে, তার দায়ভার সরকারকেই নিতে হবে।

তারা বলেন, দ্রুত এই জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত বাতিল করা না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রামের আপামর জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে লাগাতার ও দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। জনগণের অধিকার আদায়ের এই লড়াইয়ে আমরা কোনো আপস করব না।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল জামালখান প্রেস ক্লাব থেকে শুরু হয়ে জামালখান মোড় প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয়। মিছিলে এনসিপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।