তেলের দাম নিয়ে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

ভোলার তজুমদ্দিনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ার পর মো. নাঈম নামে ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন ও সদস্যসচিব মো. শরীফ হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নাঈমকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাঈমকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে নিজের মতামত প্রকাশ করেন নাঈম। একই পোস্টে দীর্ঘদিনের সাংগঠনিক পথচলায় ছাত্রদলের বিভিন্ন বিষয় ও কার্যক্রমের সঙ্গে তার ব্যক্তিগত মতের কিছুটা অমিল থাকার কথাও তুলে ধরেন তিনি।

পোস্টে নাঈম আরও উল্লেখ করেন, ব্যক্তিগত সমস্যা ও ব্যস্ততার কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে সাধারণ সম্পাদক পদ ও সাংগঠনিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণাও দেন তিনি।

তবে তার ওই পোস্টকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখেছে উপজেলা ছাত্রদল। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, নাঈমের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতে ছাত্রদল ও বিএনপির সমালোচনা করা হয়েছে।

তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শরীফ হাওলাদার বলেন, গত কয়েক দিন ধরেই নাঈম ছাত্রদল ও বিএনপির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। গতকালও তিনি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ফলে নাঈমকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত