ভারতে পাচারের এক যুগ পর দেশে ফিরল কিশোরী

​ভারতে পাচারের এক যুগ পর এক বাংলাদেশি কিশোরীকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ী সীমান্ত থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্বজনদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর ওই কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

​উদ্ধার হওয়া কিশোরীর বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। ​কিশোরীর বরাত দিয়ে বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, প্রায় ১২ বছর আগে একটি নারী পাচারকারী চক্র তাকে প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায় এবং কর্ণাটকের বেঙ্গালুরুতে বিক্রি করে দেয়।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে পাটগ্রাম উপজেলার পানবাড়ী গ্রামের পাইকারপাড়া সীমান্ত এলাকায় কিশোরীকে দিগ্‌বিদিক ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পানবাড়ী বিজিবি ক্যাম্পে জানালে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপদে উদ্ধার করেন।

​উদ্ধারের পর ওই কিশোরীর দেওয়া তথ্য ও ঠিকানার ভিত্তিতে বিজিবি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের পানবাড়ী ক্যাম্পে আসতে বলে।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কিশোরীর বাবা ও তাদের এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য বিজিবি ক্যাম্পে পৌঁছান এবং কিশোরীকে নিজের সন্তান হিসেবে শনাক্ত করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও যাচাই-বাছাই শেষে বিজিবি আনুষ্ঠানিকভাবে কিশোরীকে তার বাবার জিম্মায় তুলে দেয়।

​রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন বলেন, ‘আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে বিজিবির হেফাজতে থাকা কিশোরীকে নিরাপদে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।’