আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুর ইসলাম (৩০) মারা গেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুনুর রশীদ। তিনি জানান, নুর ইসলামের শ্বাসনালিসহ শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। মঙ্গলবার দুপুরে সেখানে তিনি মারা যান।

এদিকে, নুর ইসলামের ভাগ্নে মো. মাসুদ জানান, নুর ইসলামের বাড়ি বাগেরহাট জেলায়; তবে তিনি ভোলায় থাকতেন। তিনি গ্যাস পরিবহনের গাড়ি চালাতেন। ঘটনার আগে গ্যাসের গাড়ি নিয়ে তিনি ওই কারখানায় গিয়েছিলেন। বিস্ফোরণে তার সারা শরীর পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এর আগে, ঘটনার রাতেই ঢাকা মেডিকেলে মারা যান নজরুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি। তিনি কারখানাটির সামনের রাস্তায় কাঁচামাল বিক্রি করতেন।

চিকিৎসাধীন থাকা গুরুতর আহত কাঁচামাল বিক্রেতা সুজন মিয়াকে (২৫) ঢাকা মেডিকেল থেকে স্বজনেরা বেসরকারি হাসপাতালে নিয়ে যান আইসিইউর জন্য। আর তার বাবা মুখলেস মিয়া (৪৫) ওই দিন প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন।