ক্যালিফোর্নিয়ায় বিপদজনক রোলার কোস্টারে চড়ে আঘাতের শিকার শতাধিক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যালেন্সিয়ায় সিক্স ফ্ল্যাগস ম্যাজিক মাউন্টেনের জনপ্রিয় রোলার কোস্টার 'এক্স২'-এ গত দুই বছরে শতাধিক মানুষ মস্তিষ্কে আঘাত পাওয়ার অভিযোগ করেছেন। সাম্প্রতিক একাধিক মামলা ও অভিযোগের পর রাইডটি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। খবর সিএনএনের।   

আইনজীবীরা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জানান, এক্স২-এ চড়ে মস্তিষ্কে বিভিন্ন মাত্রার আঘাত পাওয়ার অভিযোগে তারা এখন ১০০ জনের বেশি মানুষের প্রতিনিধিত্ব করছেন। তাদের দাবি, আরও শত শত ব্যক্তি আঘাতের কথা জানিয়েছেন। তবে সম্প্রতি সামনে আসা এসব অভিযোগের সবগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সিএনএন। 

গত জুলাইয়ে 'এক্স২'-এ চড়ার পর গুরুতর মস্তিষ্কে আঘাত পান ২৬ বছর বয়সী নাওমি গ্রিয়ার-উইলকিনসন ও ৪০ বছর বয়সী পামেলা গুইলেন। দুজনই রাইড থেকে নামার পর জ্ঞান হারান এবং পরে জরুরি অস্ত্রোপচার করতে হয়। গুইলেন জানান, এরপর তাকে নতুন করে হাঁটা ও কথা বলা শিখতে হয়েছে এবং এখনও মাথাব্যথা ও স্মৃতিসংক্রান্ত সমস্যায় ভুগছেন।

এছাড়া লস অ্যাঞ্জেলেসের আইনজীবী মাইকেল উইলক দাবি করেছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে 'এক্স২'-এ চড়ার পর তার মস্তিষ্কে ব্যাপক রক্তক্ষরণ হয় এবং একাধিক অস্ত্রোপচার করতে হয়। তার ভাষ্য অনুযায়ী, তিনি এখন আর আইন পেশায় কাজ করতে পারছেন না।

'এক্স২'-এর বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। গত এক দশকেরও বেশি সময় ধরে রাইডটি নিয়ে গুরুতর অসুস্থতা ও আঘাতের অভিযোগ রয়েছে। আইনজীবীদের দাবি, কর্তৃপক্ষ এসব ঝুঁকি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও রাইডটি চালু রেখেছিল। তাদের মতে, গত চার বছরে অন্তত তিনটি মৃত্যুর ঘটনাও 'এক্স২'-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ উঠেছে।

প্রায় ৮০ মাইল গতিতে চলা 'এক্স২'-এর বিশেষত্ব হলো এর আসনগুলো ট্র্যাকের চারপাশে ৩৬০ ডিগ্রি ঘোরে। রাইডটি প্রায় দুই মিনিট স্থায়ী হয়। 

সিক্স ফ্ল্যাগস নতুন মামলাগুলো নিয়ে মন্তব্য করেনি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলমান আইনি প্রক্রিয়া নিয়ে তারা মন্তব্য করবে না এবং 'এক্স২' বর্তমানে বন্ধ রয়েছে। কোম্পানির আইনজীবীরা অতীতে আদালতে দাবি করেছেন, রাইডটি নিয়মিত পরীক্ষা করা হয় এবং নির্দেশনা মেনে চলা স্বাভাবিক যাত্রীর ক্ষেত্রে এর শারীরিক চাপ মস্তিষ্কে আঘাতের জন্য যথেষ্ট নয়।

সিক্স ফ্ল্যাগস জানিয়েছে, গত ১২ জুলাই সন্ধ্যায় 'এক্স২' বন্ধ করা হয়। এর প্রায় এক দিন আগে রাইডটিতে সর্বশেষ আঘাতের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। তবে রাইডটি কেন বন্ধ করা হয়েছে, সে বিষয়ে পার্ক কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।