জাতিসংঘে প্রথম বৈঠকেই ট্রাম্পের প্রশংসা পেলেন বার্নহাম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে তিনি কাজ করতে পারবেন। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুজনের প্রথম সরাসরি বৈঠকের পর ট্রাম্প এ মন্তব্য করেন। খবর বিবিসির। 

তবে বৈঠকের আগে যুক্তরাজ্যের চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনার সমালোচনা করেন ট্রাম্প। চাগোস দ্বীপপুঞ্জে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। 

বৈঠকের পর বার্নহাম বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার 'অনেক বিষয়ে মতের মিল' হয়েছে। এর মধ্যে ছিল জীবনযাত্রার ব্যয় কমানো, মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়া। 

এর আগে চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে ট্রাম্পের সমালোচনার বিষয়ে জানতে চাইলে বার্নহাম বলেন, 'আমি এই পরিস্থিতি উত্তরাধিকারসূত্রে পেয়েছি।' তবে বিষয়টির সমাধানে তারা 'কঠোর পরিশ্রম করবেন' বলেও জানান তিনি।

ট্রাম্প তাকে 'যার সঙ্গে ব্যবসা করা যায়'—এমন একজন মানুষ হিসেবে প্রশংসা করার প্রসঙ্গে বার্নহাম বলেন, মন্তব্যটি মূলত যুক্তরাজ্যের শিল্পখাত পুনরুজ্জীবিত করার পরিকল্পনা বা 'রিইন্ডাস্ট্রিয়ালাইজেশন' নিয়ে তাদের আলোচনার সময় এসেছে। শিল্প হারানো অঞ্চল ও সম্প্রদায়গুলোকে নতুন করে চাঙ্গা করার বিষয়ে তার যে পরিকল্পনা রয়েছে, ট্রাম্প সেটির কথাই উল্লেখ করেছেন বলে জানান বার্নহাম।

বার্নহাম আরও বলেন, উত্তর-পূর্ব ইংল্যান্ডের একটি নির্দিষ্ট কারখানার ওপর আরোপিত শুল্ক থেকে ছাড় দেওয়ার জন্য তিনি ট্রাম্পের কাছে অনুরোধ করেছেন। তবে কোন কারখানার কথা বলা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত