মাইনর লিগে আটলান্টার জয়ে সাকিবের মেজর অবদান

যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে ব্যাট ও বল হাতে নিজের চিরচেনা ফর্মে ফিরেছেন সাকিব আল হাসান। আসরের প্রথম দুই ম্যাচে দল হেরে যাওয়া এবং একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার হতাশা ভুলে অবশেষে জয়ের মুখ দেখল আটলান্টা ফায়ার। চার্চ স্ট্রিট পার্কে লডারডেল লায়ন্সকে স্রেফ ৬০ রানে গুটিয়ে দিয়ে ৯৪ রানের বড় জয় তুলে নিয়েছে আটলান্টা, আর এই সাফল্যের নেপথ্যে বড় অবদান রেখে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

এর আগে আসরের শুরুটা একেবারেই ভালো যায়নি সাকিবের দলের। প্রথম ম্যাচে অরল্যান্ডো গ্যালাক্সির বিপক্ষে ৩৫ রানে হেরেছিল আটলান্টা, যেখানে ব্যাট হাতে ৮ বলে ৩ রানের পর বল হাতে ১ ওভারে ১৮ রান খরচ করেছিলেন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে মরিসভিল র‍্যাপ্টরসের বিপক্ষে ৪ উইকেটের হারের দিনে অবশ্য ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব। ১২ বলে ৩ ছক্কায় ২৮ রানের ঝোড়ো ইনিংসের পর বল হাতে ৪ ওভারে ২৩ রান দিয়ে মাত্র ১ উইকেট পেয়েছিলেন। পরে আসরের তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় জয় অধরাই ছিল। তবে চতুর্থ ম্যাচে এসে আসরে প্রথম জয়ের দেখা পেল সাকিবের দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৪ রান তোলে আটলান্টা ফায়ার। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক স্টিফেন টেলর। এছাড়া লোয়ার অর্ডারে নেমে ১৮ বল খেলে দুটি চারে ১৮ রানের ইনিংস খেলেন সাকিব।

১৫৫ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে আটলান্টার বোলারদের তোপের মুখে পতন ঘটে লডারডেলের ব্যাটিং লাইনআপের। চতুর্থ ওভারে আক্রমণে এসে প্রথম ওভারেই মেডেনসহ একটি উইকেট তুলে নেন তিনি। এরপর ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে মাত্র ৪ রান খরচ করে শিকার করেন দ্বিতীয় উইকেট। ইনিংসের ১৩তম ওভারে নিজের শেষ স্পেলে ফিরে আবারও মেডেন আদায় করেন এই বাঁহাতি স্পিনার, ওই ওভারে কুশারোকে বোল্ড করে তুলে নেন নিজের তৃতীয় শিকার।

সব মিলিয়ে ৩ ওভারে মাত্র ৪ রান খরচ করে ৩টি উইকেট নেন তিনি। সাকিবের সঙ্গে সানি প্যাটেলের সমান তিন উইকেটের শিকারে লডারডেলের ইনিংস মাত্র ৬০ রানেই গুটিয়ে যায়। 

গত মৌসুমে লিগ পর্বের ১০ ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছিল আটলান্টা। চলতি আসরে 'সাউথ' বিভাগে থাকা দলটির শুরুটা আশানুরূপ না হলেও, সাকিবের এই দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ভর করে বড় জয় পেয়ে আসরে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল আটলান্টা ফায়ার।