কক্সবাজারের টেকনাফে নৈশপ্রহরী নাজির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি মোহাম্মদ আইয়ুবকে (২৮) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উখিয়া উপজেলার চাকমাপাড়া-পাতাবাড়ি সংলগ্ন পাহাড়ি ও অরণ্য এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আইয়ুব টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার মৃত ইলিয়াস মিয়ার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পরে নৈশপ্রহরী নাজির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুবকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে নিহত নাজির হোসেনের শ্যালক খোরশেদ আলমের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। গত ৭ সেপ্টেম্বর তারা এক লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। এর দুই দিন পর, ৯ সেপ্টেম্বর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকার জাহাঙ্গীর আলম (২৮) নামের এক ব্যক্তির কাছে আবারও চাঁদা দাবি ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এসআরবি’র ভাষ্য অনুযায়ী, হামলার সময় নৈশপ্রহরী নাজির হোসেন বাধা দিতে গেলে তাকেও ধারাল অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে বুকের ওপর পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধে তাকে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজির হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। আটককৃত আইয়ুবকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।