কক্সবাজারের টেকনাফে সাগরপথে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে এক নারী ও এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের সদস্যরা ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করেছেন।
সোমবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ৮ বাংলাদেশি নাগরিক ও ৮ রোহিঙ্গা নাগরিককে জীবিত উদ্ধার করেন। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ সময় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এখনো এক নারী নিখোঁজ রয়েছেন।
ওসি সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। পরে সাগরপথে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন।
তিনি আরও জানান, কী কারণে নৌকাটি ডুবে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় দালালদের সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।