দক্ষিণ আফ্রিকায় বাসায় বন্দুকধারীর হামলায় নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে একটি ঘরোয়া আয়োজনে বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ জানিয়েছে ডারবানের দক্ষিণাঞ্চলের কোয়ামাখুথা টাউনশিপের একটি পার্টিতে ঢুকে তিন সশস্ত্র ব্যক্তি অতিথিদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। 

পুলিশের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার আয়োজিত ওই পার্টিতে গর্ভবতী বলে সন্দেহভাজন এক নারীসহ মোট ১৪ জন অংশ নিয়েছিলেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, 'গর্ভবতী নারীসহ ১০ জন ঘটনাস্থলেই মারা যান এবং চারজনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।' 

এই হামলার পেছনের উদ্দেশ্য এখনো জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতদের মধ্যে কিছু ব্যক্তি আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিলেন, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় বিশ্বের অন্যতম সর্বোচ্চ হত্যার হার রয়েছে, যেখানে প্রতিদিন গড়ে প্রায় ৬০টি খুনের ঘটনা ঘটে।