দুমকিতে পুরোনো চিকিৎসা সামগ্রী অপসারণ

পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিন ব্যবহৃত ও বর্তমানে অযোগ্য হয়ে পড়া বিভিন্ন চিকিৎসা সামগ্রী কনডেমনেশন বোর্ডের মাধ্যমে অকেজো ঘোষণা করে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কন্ডেমেশন বোর্ড এসব সামগ্রী পর্যালোচনা শেষে অকেজো ঘোষণা করে এবং কমিটির সদস্যদের উপস্থিতিতে তা পুড়িয়ে ফেলা হয়।

ধ্বংস করা সামগ্রীর মধ্যে ছিল বিছানার চাদর, মশারি, কম্বল, বালিশ, মেট্রেস, পর্দা এবং ইপিআই কার্যক্রমে ব্যবহৃত ভ্যাকসিন ক্যারিয়ার। সিভিল সার্জন, পটুয়াখালীর অনুমতিক্রমে এ কার্যক্রম পরিচালিত হয় বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. মীর শহীদুল হাসান শাহীন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জি এম এনামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন জানান, নিয়ম অনুযায়ী ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া সামগ্রী অপসারণের অংশ হিসেবে এ কন্ডেমেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।