পটুয়াখালীর দুমকিকে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন খান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে তাকে আটক করা হয়। এর আগে ওই দিনে বিকেলে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার দুমকি থানায় অভিযোগ করেন।
অভিযোগ বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে শিশুটিকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সর্বশেষ সোমবার বিকেলে শিশুটিকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
তবে অভিযুক্ত দেলোয়ার হোসেন খানের দাবি, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তার ভাষ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি স্থানীয় চক্র ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে এবং টাকা না দেওয়ায় তাকে ষড়যন্ত্র করে এ ঘটনায় জড়ানো হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। উভয়পক্ষের বক্তব্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।