অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে মঙ্গলবার প্রথমবারের মতো অনুশীলনে নেমেছিল ব্রাজিল দল। তবে ফিফার ব্যস্ততা ও খেলোয়াড়দের দেরিতে যোগ দেওয়ার কারণে ব্রিসবেনের ব্যালিমোর স্টেডিয়ামে কার্লো আনচেলত্তিকে মাত্র ১১ জন ফুটবলার নিয়ে ঘাম ঝরাতে হয়েছে। সেখানেই প্রিয় তারকারদের একঝলক দেখতে স্টেডিয়ামের বাইরে উৎসুক প্রবাসী ব্রাজিলিয়ানরা গাছ গাছে চড়ে অনুশীলন দেখার অভিনব দৃশ্য উপহার দিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ব্রাজিলের এই প্রথম বল অনুশীলনে এস্তেভাও, রাফিনহা, রায়ান, ডগলাস সান্তোস, ব্রুনো গিমারেস, দানিলো, জাইর, গ্যাব্রিয়েল বন্তেম্পো এবং ভিটোর রেইস অংশ নেন। তবে দীর্ঘ যাত্রার ক্লান্তি ও ফিটনেস ভাবনার কারণে ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস জিমেই নিজের সেশন সেরেছেন। এছাড়া গোলকিপার পেদ্রো মৌরিসকো এবং গ্রেমিয়োর তরুণ গোলকিপার গ্যাব্রিয়েল মেনগন কোচ তাফারেলের অধীনে আলাদা গোলকিপিং অনুশীলন করেছেন।
ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর এক প্রতিবেদনের সূত্রমতে, স্কোয়াডের বাকি সদস্যরা ব্রিসবেনে এসে পৌঁছানোর পর বুধবার পুরো দল একসঙ্গে অনুশীলনের সুযোগ পাবে। মঙ্গলবার আরও ১২ জন খেলোয়াড় ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে এবং ওতাভিও, আর্থার দিয়াস ও ভ্যান্ডারসনরা বুধবার দলের সঙ্গে যুক্ত হবেন।
অস্ট্রেলিয়ার মাটিতে সেলেসাওদের এই ক্যাম্পকে ঘিরে প্রবাসী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ব্রিসবেনের রাগবি কমপ্লেক্সের চারপাশের গাছে চড়ে ভক্তদের অনুশীলন দেখার এই মুহূর্তটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে পেনাল্টি মিসের ক্ষত এখনো ভোলেননি গিমারেস
অস্ট্রেলিয়া সফরের এই ক্যাম্পে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের সেই বেদনাদায়ক পেনাল্টি মিসের স্মৃতিচারণ করেছেন মিডফিল্ডার ব্রুনো গিমারেস। গত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের গোলকিপার নল্যান্ডের কাছে পেনাল্টি মিস করার আক্ষেপ এখনও তাকে পোড়ায় বলে জানান তিনি।
ব্রিসবেনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিমারেস বলেন, ‘এটি সত্যিই একটি খারাপ অনুভূতি। পেনাল্টি মিস করা ফুটবলেরই একটা অংশ, কিন্তু এর জন্য আপনি কখনো পুরোপুরি প্রস্তুত থাকেন না। এটি একটি ক্ষত এবং একটি দাগের মতো। বিষয়টি খুবই সাম্প্রতিক, এটি এখনও আমাকে কষ্ট দেয়, এখনও খুব ব্যথা দেয়। তবে এটি ফুটবলেরই অংশ। আমি আশা করি আমার ভুল থেকে শিক্ষা নিতে পারব, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তৎকালীন সময়ে ওঠা, ভিনিসিয়ুস জুনিয়রকে কেন পেনাল্টি নিতে দেওয়া হলো না এমন প্রশ্নের জবাবে ব্রুনো স্পষ্ট করে জানান যে, কোচের পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তিনিই পেনাল্টি নেওয়ার জন্য নির্ধারিত ছিলেন। এ প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘ম্যাচের আগে আমাদের মিটিংয়ে কোচ ঠিক করেন কে পেনাল্টি নেবে। আমিই সেই দায়িত্বপ্রাপ্ত খেলোয়াড় ছিলাম। ভিনি নির্ধারিত পেনাল্টি শ্যুটার ছিল না। আমি শুধু নিজের জন্য নয়, ভিনি, দলের অন্য খেলোয়াড় এবং আমাদের সমর্থকদের জন্য আজও ব্যথিত।’
তবে ভবিষ্যতে আবারও সুযোগ পেলে পেছপা হবেন না জানিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘যদি আমাকে আবার পেনাল্টি নিতে বলা হয়, আমি এক হাজার বার সেই দায়িত্ব নেব। কারণ এই জার্সি গায়ে জড়ানোই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।’
দল পুনর্গঠনে আনচেলত্তির নতুন চমক
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর দলটিকে নতুনভাবে সাজাতে শুরু করেছেন কোচ আনচেলত্তি। স্কোয়াডে তরুণ ও নতুন মুখ আনার প্রক্রিয়ার অংশ হিসেবে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে এই প্রীতি ম্যাচগুলোর আগে দলে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফুটবলভিত্তিক গণমাধ্যম 'ফুট মার্কাতো' -এর তথ্য অনুযায়ী, ইনজুরির কারণে রোমার ডিফেন্ডার ওয়েসলি ছিটকে যাওয়ায় তার পরিবর্তে মোনাকোর লেফট-ব্যাক ভ্যান্ডারসনকে দলে ডেকেছেন সেলেসাওদের কোচ।
ব্রিসবেনে বৃহস্পতিবার পর্যন্ত ক্যাম্প চালিয়ে যাওয়ার পর প্রথম ম্যাচের উদ্দেশ্যে টাউন্সভিলের বিমান ধরবে সেলেসাওরা। আগামী শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে আনচেলত্তির শিষ্যরা। এরপর আগামী ২৯ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলে ভারতের উদ্দেশ্যে পাড়ি জমাবে দলটি, যেখানে আগামী ৩ অক্টোবর ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।