স্যান্ডপেপার-কাণ্ডে সবার কথা শুনতে ‘স্বাধীন ফোরাম’ গঠন অস্ট্রেলিয়ার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পিএম

স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে বিতর্ক যেন শেষ হবার নয়। সম্প্রতি উসমান খাজার আত্মজীবনীমূলক বই ‘সবর’ (Sabr) প্রকাশের পর সেই পুরোনো আগুনে নতুন করে ঘি পড়েছে। পুরো দল এই ঘটনার কথা জানত এবং প্রাথমিক তদন্তে সব খেলোয়াড়ের সাক্ষ্য নেওয়া হয়নি, খাজার এমন বিস্ফোরক দাবিতে রীতিমতো দুই মেরুতে বিভক্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুম। 

বর্তমান ও সাবেক ক্রিকেটারদের এই পাল্টাপাল্টি অবস্থানে যখন দেশের ক্রিকেটের ভাবমূর্তি সংকটে, তখন পরিস্থিতি সামাল দিতে বড় এক পদক্ষেপ নিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘটনার পুনঃতদন্ত বা কাউকে নতুন করে শাস্তি দেওয়ার বদলে সংশ্লিষ্ট সবার অভিজ্ঞতা ও বক্তব্য শোনার জন্য একটি ‘স্বাধীন ফোরাম’ গঠনের ঘোষণা দিয়েছে বোর্ড।

আজ বুধবার বেলেরিভ ওভালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ শুরুর আগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সিএ-এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন এবং প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বোর্ডের দীর্ঘ এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে একজন সাবেক বিচারক বা ‘কিংস কাউন্সেল’-কে এই ফোরামের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে। তবে এটি কোনো বিচারিক প্রক্রিয়া নয়; বরং ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা খেলোয়াড় ও স্টাফদের জন্য নিজের কথা বলার একটি নিরাপদ ও গোপনীয় মঞ্চ।

দীর্ঘদিন ধরে চলা এই বিতর্কের অবসান ঘটিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই যে এই উদ্যোগ, তা স্পষ্ট করেছেন ডেভিড বুন। বেলেরিভ ওভালের সেই সংবাদ সম্মেলনে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন বলেন, ‘গত রাতে ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ড সভায় বসেছিল এবং আমরা এমন একটি সিদ্ধান্তে পৌঁছেছি যা ক্রিকেটের সর্বোচ্চ স্বার্থে নেওয়া হয়েছে। দীর্ঘ আলোচনার পর আমরা ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনায় জড়িত খেলোয়াড় ও স্টাফদের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি ভাগাভাগি করার জন্য একটি ফোরাম গঠনে একমত হয়েছি। প্রায় এক দশক ধরে এই ঘটনার রেশ অস্ট্রেলীয় ক্রিকেটের আলোচনার অংশ হয়ে আছে। এটি অনেকের জন্যই একটি কঠিন অধ্যায় এবং ক্রমবর্ধমান এই বিতর্ক আমাদের খেলার মনোযোগ নষ্ট করছে। আমরা বিশ্বাস করি, এখনই এই অচলাবস্থা ভাঙার সময়। এই ফোরাম অতীতের কোনো বিচার বা পুনঃতদন্তের জন্য নয়; বরং যাঁরা নিজেদের গল্প বলতে চান, তাঁদের জন্য একটি সম্মানজনক ও নিরাপদ পরিবেশ তৈরি করা এবং আমাদের খেলার স্বার্থে তা শোনা। অস্ট্রেলীয় ক্রিকেট তখনই সবচেয়ে শক্তিশালী থাকে যখন আমরা ঐক্যবদ্ধ থাকি।’ 

সিএ প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ স্বীকার করেছেন যে ২০১৮ সালে কেপটাউন টেস্ট খেলা ১১ জন ক্রিকেটারের মধ্যে মাত্র আটজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। তবে গোপনীয়তার স্বার্থে আগের সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ বা পুনরায় চালু করা হবে না। 

কাউকে এই ফোরামে অংশ নিতে বাধ্য করা হবে না উল্লেখ করে গ্রিনবার্গ বলেন, ‘এই মুহূর্তে খেলাটি সত্যিই ব্যহত হচ্ছে। এটি কারও জন্যই ভালো নয়। আমাদের এগিয়ে যাওয়ার পথ খুঁজতে হবে এবং এই ক্ষত সারানোর জন্য কিছুটা সময় প্রয়োজন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা একটি স্বাধীন ফোরাম গঠন করেছি, যাতে সংশ্লিষ্ট সব পক্ষ একটি নিরাপদ পরিবেশে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারে। এটি কোনো পুনঃতদন্ত নয়, কাউকে নতুন করে অভিযুক্ত করা বা শাস্তি দেওয়ার জন্যও এটি তৈরি করা হয়নি। কাউকে এতে অংশ নিতে বাধ্য করা হবে না, এটি সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করবে।’

তবে সিএ-এর এই নতুন ফোরাম নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন খোদ বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা উসমান খাজা। বোর্ড শেষ পর্যন্ত প্রতিবেদনের কোন অংশ প্রকাশ করবে, তা নিয়ে প্রশ্ন তুলে ‘কায়ো স্পোর্টস’-কে দেওয়া সাক্ষাৎকারে উসমান খাজা বলেন, ‘আমি সবসময়ই কথা বলার জন্য একটি নিরাপদ জায়গা চেয়েছি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিয়ে আমার কিছু প্রশ্নও আছে, কারণ জনগণ জানতে চায় সেখানে আসলে কী ঘটেছিল। সবাই কথা না বললে পুরো সত্যটা জানা কঠিন। আমি মনে করি না নতুন করে কোনো শাস্তি হওয়া উচিত... বোর্ড সিদ্ধান্ত নেবে, কিন্তু দিনশেষে এর ফলাফল কী দাঁড়াবে? টড গ্রিনবার্গের সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং তিনি যা করার চেষ্টা করছেন তাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু দিনশেষে আপনারা যদি এই প্রতিবেদন থেকে নিজেদের পছন্দমতো অংশ বেছে নেন, তবে বোর্ড যা চাইবে তা-ই ভেতরে আসবে বা বাইরে যাবে। আমরা কি তবে একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি? এই বিষয়টি নিয়েই আমি নিশ্চিত নই।’ 

কায়ো স্পোর্টসের সঙ্গে আলাপকালে খাজা ও ওয়ার্নার, ছবি: সংগৃহীত

খাজার পাশেই বসে থাকা ও সেই কেপটাউন-কাণ্ডে নিষিদ্ধ হওয়া সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার অবশ্য বোর্ডের স্বচ্ছতা ও দায়বদ্ধতা স্বীকারের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। ‘কায়ো স্পোর্টস’-এ ওয়ার্নার বলেন, ‘আমরা নিজেদের ভুল স্বীকার করে নিয়েছিলাম এবং ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের যে শাস্তি দিয়েছিল তা মেনে নিয়েছিলাম। বিষয়টি এখন আর শাস্তির নয়। এটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়, যা টড ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তৎকালীন খেলোয়াড় ও বোর্ডের সংস্কৃতি সম্পর্কে স্বীকার করেছেন।’

গত সপ্তাহে খাজার বই প্রকাশিত হওয়ার পর থেকেই পুরনো সেই ঘটনা নিয়ে উত্তাল অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন। বইয়ে খাজা দাবি করেন, কেপটাউনের আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও বলে শিরীষ কাগজ (স্যান্ডপেপার) ব্যবহার করা হয়েছিল এবং দলের সবাই বিষয়টি জানতেন। এমনকি কেপটাউনে ক্যামেরন ব্যানক্রফটের পাশেই ড্রেসিংরুমে বসে থাকা সত্ত্বেও প্রাথমিক তদন্তে খাজার কোনো বক্তব্য নেওয়া হয়নি। খাজার এই দাবিকে সমর্থন জানিয়েছেন তৎকালীন স্কোয়াডে থাকা পেসার চ্যাড সেয়ার্সও। তিনি নিশ্চিত করেছেন যে পোর্ট এলিজাবেথে শিরীষ কাগজ ব্যবহারের কথা তিনি জানতেন, ব্যানক্রফটের ব্যবহারের পর সেটি মাঠের বাইরে তিনিই নিয়ে গিয়েছিলেন এবং কেপটাউনের ঘটনার পর ড্রেসিংরুমে ৭০ মিনিটের একটি সভায় সম্মিলিতভাবে দায় নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল।

গত শুক্রবার ৬৮ মিনিটের এক দীর্ঘ সংবাদ সম্মেলনে কামিন্স, ছবি: সংগৃহীত

অন্যদিকে, খাজার এসব অভিযোগকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। গত শুক্রবার ৬৮ মিনিটের এক দীর্ঘ সংবাদ সম্মেলনে কামিন্স খাজার দাবিকে ‘শতভাগ ভুল’ এবং ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে আখ্যা দেন। এর আগে ফাস্ট বোলার মিচেল স্টার্কও শিরীষ কাগজ ব্যবহারের বিষয়ে কিছু জানার কথা অস্বীকার করেছিলেন। 

তবে বোলারদের এই অবস্থানের প্রশংসা করে গ্রিনবার্গ বলেন, ‘আমি সেদিনও বলেছি, আবারও বলছি—প্যাট (কামিন্স) এবং বোলারদের ক্ষেত্রে একটি বিষয় একদম পরিষ্কার, আর তা হলো তাঁদের বক্তব্যের ধারাবাহিকতা। ২০১৮ সালের কেপটাউন টেস্টের পরদিন প্যাট যা বলেছিলেন, কয়েক বছর পরও ঠিক তা-ই বলেছেন এবং গত সপ্তাহেও হুবহু একই কথা বলেছেন। তাই তাঁদের বক্তব্যের এই ধারাবাহিকতা অত্যন্ত স্পষ্ট।’

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন প্রথম টেস্টের আগে এই স্বাধীন ফোরামের প্রক্রিয়া শেষ হচ্ছে না বলেও জানিয়েছে সিএ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত