পটুয়াখালীর দুমকিতে শ্রেণিকক্ষে সহপাঠীদের মারধরে মো. রাফি নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দুমকি আপতুননেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।
আহত রাফির অভিযোগ, দীর্ঘদিন ধরে কয়েকজন সহপাঠী তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও অপমান করে আসছিল। তাকে বিভিন্ন নামে ডাকার পাশাপাশি মাঝে মাঝে শারীরিকভাবেও নির্যাতন করা হতো। বিষয়টি একাধিকবার শিক্ষকদের জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তার।
রাফি জানায়, মঙ্গলবারও কয়েকজন সহপাঠী তাকে মারধর করে। এতে সে গুরুতর আহত হয়।
অভিযোগ রয়েছে, ঘটনার পর তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করে বিদ্যালয়ের পিয়ন নজরুল লাইব্রেরি কক্ষে প্রায় দেড় ঘণ্টা বসিয়ে রাখেন। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
রাফির মা সুমি বেগম বলেন, বিদ্যালয় থেকে খবর পেয়ে গিয়ে তিনি ছেলেকে আহত অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শিক্ষকদের অবহেলাকে এ ঘটনার জন্য দায়ী করেন।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে শিক্ষকদের তদারকির অভাব রয়েছে। ক্লাস চলাকালীন বা টিফিনে শিক্ষার্থীদের আচরণ নিয়ন্ত্রণে যথাযথ নজরদারি থাকে না।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা হেপি ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, কিছু শিক্ষার্থী রাফিকে উত্ত্যক্ত করত। বিষয়টি খতিয়ে দেখা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তার জানা ছিল না। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।