ইউনাইটেডে গ্রিন ICU চালু

বাংলাদেশে বিশেষায়িত ক্রিটিক্যাল কেয়ারে নতুন সংযোজন হিসেবে ঢাকার মাদানী অ্যাভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে চালু হয়েছে ২৫ শয্যার গ্যাস্ট্রো-লিভার ও সার্জিক্যাল ICU, ট্রান্সপ্লান্ট ICU এবং সার্জিক্যাল HDU। বুধবার (২৩ সেপ্টেম্বর) এসব অত্যাধুনিক চিকিৎসাসেবা উদ্বোধন করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এটি দেশের প্রথম পরিবেশবান্ধব গ্রিন গ্যাস্ট্রো-লিভার, সার্জিক্যাল ও ট্রান্সপ্লান্ট ICU। এখানে ২৫টি পৃথক কেবিনে ২৫টি শয্যার পাশাপাশি সার্বক্ষণিক বায়ু পরিশোধন ব্যবস্থা, পর্যাপ্ত প্রাকৃতিক আলোসহ আধুনিক চিকিৎসা সুবিধা রয়েছে।

জটিল গ্যাস্ট্রো-লিভার রোগ ও বড় ধরনের অস্ত্রোপচারের রোগীদের জন্য ১৪ শয্যার গ্যাস্ট্রো-লিভার ও সার্জিক্যাল ICU চালু করা হয়েছে। প্রতিটি রোগীর জন্য রয়েছে আলাদা কেবিন। এতে রোগীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানোর পাশাপাশি চিকিৎসক ও নার্সিং টিমের নিবিড় পর্যবেক্ষণ ও সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

লিভার ট্রান্সপ্লান্ট ও ট্রান্সপ্লান্ট-পরবর্তী রোগীদের জন্য রয়েছে ছয় শয্যার স্বতন্ত্র ট্রান্সপ্লান্ট ICU। প্রতিটি কেবিনে নিজস্ব ওয়াশরুম, স্বতন্ত্র HEPA ফিল্টার এবং নিয়ন্ত্রিত বায়ু পরিশোধন ব্যবস্থা রয়েছে। এসব সুবিধা সংক্রমণের ঝুঁকি কমিয়ে নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের প্রথম গ্রিন ICU হিসেবে এই উদ্যোগে স্বাস্থ্যকর পরিবেশ, উন্নত বায়ু নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে মহামারির মতো সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় পৃথক ও নিয়ন্ত্রিত ICU ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া পাঁচ শয্যার Surgical HDU চালু করা হয়েছে। এতে ICU-নির্ভরতার মাত্রা কম এমন রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হবে।

এ প্রসঙ্গে দুর্ঘটনা, ইমার্জেন্সি কেয়ার ও সার্জিক্যাল ICU বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আশরাফুল হক বলেন, “এই বিশেষায়িত ICU চালুর মাধ্যমে বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ারের সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষায়িত চিকিৎসা দক্ষতার সঙ্গে অত্যাধুনিক অবকাঠামো, নিয়ন্ত্রিত পরিবেশ এবং উন্নত সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা সমন্বয়ের মাধ্যমে ট্রান্সপ্লান্ট, গ্যাস্ট্রো-লিভার ও জটিল সার্জারির রোগীদের জন্য আরও সমন্বিত ক্রিটিক্যাল কেয়ার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন বলেন, “এই অত্যাধুনিক গ্যাস্ট্রো-লিভার ও ট্রান্সপ্লান্ট ICU-এর মাধ্যমে বাংলাদেশে জটিল রোগের চিকিৎসাকে আরও উন্নত ও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য, দেশের মানুষ যেন জটিল চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পাওয়ার আস্থা ও সুযোগ পান।”

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার হাসান মাহমুদ রাজা, অ্যাডভাইজার আখতার মাহমুদ রানা, ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন, জাতীয় দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, ইউনাইটেড গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তারা, ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা, মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর, প্রধান আর্থিক ও ব্যবসায়িক কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে প্রথম রোবোটিক সার্জারি চালুর পর রোগীদের বিশ্বমানের চিকিৎসা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে এই উদ্যোগকে আরও একটি পদক্ষেপ হিসেবে দেখছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। জটিল ও সংকটাপন্ন রোগীদের জন্য উন্নত প্রযুক্তি, বিশেষায়িত চিকিৎসা এবং আধুনিক ক্রিটিক্যাল কেয়ার সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই হাসপাতালটি কাজ করছে।