'ভয় নয়, অভিজ্ঞতা নিতে এসেছি', জাকার্তায় হামজা চৌধুরী

ইন্দোনেশিয়ার জাকার্তায় কাল শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপ টুর্নামেন্ট। তবে বাংলাদেশের খেলা শুরু হবে শুক্রবার। প্রতিযোগিতার ডিভিশন-১ এ খেলছেন হামজা চৌধুরীরা। এমন বড় মঞ্চে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগকে বড় অভিজ্ঞতা হিসেবে দেখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী। শক্তিশালী প্রতিপক্ষকে ভয় না পেয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ পয়েন্ট অর্জনের লক্ষ্য বাংলাদেশের বলে জানিয়েছেন তিনি।

টুর্নামেন্টে অংশ নিতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছেন জানিয়ে হামজা আজ জাকার্তায় বলেন, র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য বড় সুযোগ। নিজেদের মধ্যে যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জনের লক্ষ্য রয়েছে তাদের। পাশাপাশি এই আসর থেকে অভিজ্ঞতা অর্জন করে দেশকে গর্বিত করতে চান তারা।

‘আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। তবে ইনশাআল্লাহ, এটি আমাদের জন্য একটি শেখার সুযোগ। আমরা এখানে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে এসেছি এবং আশা করি আমাদের দেশকে গর্বিত করতে পারব।’ 

ইন্দোনেশিয়ায় দলের আতিথেয়তা ও সুযোগ-সুবিধা নিয়েও সন্তুষ্ট হামজা। স্থানীয় মানুষের বন্ধুত্বপূর্ণ আচরণ এবং ফুটবলের জনপ্রিয়তায় মুগ্ধ হয়েছেন তিনি। আগামী ম্যাচে মাঠে নামার জন্যও রোমাঞ্চিত এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘এখানকার মানুষ খুব বন্ধুত্বপূর্ণ, অত্যন্ত দয়ালু। এখানে ফুটবলের বিশাল জনপ্রিয়তা রয়েছে এবং সুযোগ-সুবিধাগুলোও খুব ভালো। আমি আগামীকাল শুক্রবার খেলার জন্য মুখিয়ে আছি।’

প্রতিপক্ষ দল সম্পর্কেও ইতিবাচক মন্তব্য করেছেন হামজা। তাদের র‌্যাংকিং, দলের খেলোয়াড়দের মান এবং কোচের প্রশংসা করে তিনি মনে করেন, বিশ্বকাপ বাছাইপর্বে দলটি ভালো করবে। হামজা বলেন, ‘তাদের র‌্যাংকিং বেশ ভালো। তাদের দলে দারুণ মান রয়েছে, একজন খুব ভালো হেড কোচ আছেন। বিশেষ করে পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্বে তারা যদি বিশ্বকাপে যাওয়ার দৌড়ে না থাকে, তবে আমি অবাকই হব। আমার মনে হয় তাদের খুব ভালো একটি দল রয়েছে।’

এদিকে ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব মিলওয়ালের তরুণ ফুটবলার এলকান ব্যাগটের (ইন্দোনেশিয়া জাতীয় দলের ফুটবলার) সঙ্গেও বিমানে দেখা হয়েছে হামজার। একই টুর্নামেন্টে তার বিপক্ষে খেলার অপেক্ষায় আছেন তিনি। ব্যাগটকে ভালো খেলোয়াড় হিসেবে উল্লেখ করে হামজা বলেন, সে এখনও তরুণ এবং মিলওয়ালও ভালো একটি দল।

বাংলাদেশ দলের অনুশীলনে হামজা চৌধুরী। ছবি- বাফুফে

বাংলাদেশ দলের অনুশীলন নিয়েও সন্তুষ্ট হামজা। ইন্দোনেশিয়ার অনুশীলন মাঠের মান নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি। হোটেল ও অন্যান্য সুযোগ-সুবিধার প্রশংসাও করেছেন এই ফুটবলার। হামজা বলেন, ‘মাঠগুলো খুব ভালো ছিল। আমাদের অনুশীলনের জন্য দারুণ মানের মাঠ। আমরা এটি উপভোগ করছি। আমরা এখনও স্টেডিয়াম দেখিনি, ইনশাআল্লাহ আগামীকাল (বৃহস্পতিবার) স্টেডিয়াম দেখব। হোটেলটি অসাধারণ ছিল, সবাই খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে। আমরা সময়টা উপভোগ করছি।’

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচকে তাই শুধু ফলাফলের লড়াই হিসেবে দেখছেন না হামজা। তার কাছে এই টুর্নামেন্ট বাংলাদেশের ফুটবলারদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য যাচাই এবং নতুন অভিজ্ঞতা অর্জনেরও বড় সুযোগ