রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ

দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তি হওয়ার পর শুরুতে বেড না পাওয়ায় দুই দিন মেঝেতেই থাকতে হয়েছিল তাকে। পরে বেডের ব্যবস্থা হলেও শারীরিক অসুস্থতার পাশাপাশি চিকিৎসার খরচ নিয়েও সংকটে পড়েছেন এই অভিনেতা। সম্প্রতি রিফাত চৌধুরীর অসুস্থতা ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। খবরটি নজরে আসে অভিনয়শিল্পীদের পেশাদার সংগঠন অভিনয়শিল্পী সংঘেরও। এরপর অসুস্থ এই শিল্পীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় সংগঠনটি। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অভিনয়শিল্পী সংঘের একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে রিফাত চৌধুরীর সঙ্গে দেখা করেন। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তাও দেওয়া হয়। চিকিৎসার প্রয়োজনে ভবিষ্যতেও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তারা। 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু। তিনি লিখেছেন, সংগঠনটি সবসময় তার সদস্যদের পাশে থাকার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। রিফাত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তার সার্বিক পরিস্থিতির খোঁজ নেওয়া হয়েছে এবং আর্থিক সহযোগিতার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কোমর ও পায়ের জটিল সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারেন না তিনি। এর মধ্যে পরিবার থেকেও দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন এই অভিনেতা। শোবিজের সহকর্মীদের সঙ্গেও তার যোগাযোগ অনেকটা কমে যাওয়ায় দীর্ঘ সময় ধরে আড়ালেই ছিলেন তিনি। 

তবে অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর সহকর্মীদের অনেকেই তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। এবার সেই ধারাবাহিকতায় রিফাত চৌধুরীর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিল অভিনয়শিল্পী সংঘ।