মুম্বাই বিমানবন্দরে নামতেই পুলিশের হাতে আটক অভিনেতা ও প্রাক্তন কুস্তিগির সৌরভ গুর্জর। ‘মহাভারত’-এ ভীমের চরিত্রে অভিনয় এবং ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’ ছবিতে জোর চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এবার এক ২৯ বছরের মহিলার দায়ের করা যৌন শোষণ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো অভিনেতাকে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত হয়নি।
ভারতীয় সংবাদ মাধ্যম ‘দ্য ওয়াল’ জানিয়েছে, সৌরভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে গাচিবৌলি থানায় মামলা রুজু করা হয়। তদন্তের স্বার্থে পুলিশের তরফে সৌরভের বিরুদ্ধে লুকআউট সার্কুলারও জারি করা হয়েছিল। ১৭ সেপ্টেম্বর রাতে মধ্যপ্রাচ্য থেকে মুম্বইয়ে ফেরার পর বিমানবন্দরে অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে আটক করেন। পরে হায়দরাবাদ পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করার পর সৌরভকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। অভিযোগকারিণীর দাবি, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে সৌরভের সঙ্গে তার পরিচয় হয়। ওই বছরের ২৫ ডিসেম্বর প্রথম দেখা হওয়ার পর তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ। সম্পর্কের সময়ে দু’জনের যাতায়াত ছিল ভারত ও আমেরিকার মধ্যে।
ওই মহিলার দাবি, পরবর্তীতে সৌরভ তাকে জানান যে তিনি বিবাহিত। তা সত্ত্বেও ভবিষ্যতে একসঙ্গে সংসার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ। তার কথায়, ‘সম্পর্ক চলাকালীন অভিযুক্ত আমাকে জানান যে তিনি আগে থেকেই বিবাহিত। কিন্তু বারবার আমাকে স্ত্রী হিসেবে অধিকার দেওয়ার এবং ভবিষ্যতে আমার সঙ্গে সংসার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।’
বিয়ের প্রসঙ্গ উঠলেই সৌরভ যোগাযোগ বন্ধ করে দিতেন বলেও অভিযোগ করেছেন ওই মহিলা। তাঁর দাবি, তাঁকে ফোন ও সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দেওয়া হত। এর ফলে তিনি মানসিক চাপ ও আর্থিক ক্ষতির মুখে পড়েন বলে অভিযোগ। তার আরও দাবি, সৌরভের সঙ্গে ভারতে ব্যবসা শুরু করার পরিকল্পনা করেছিলেন তারা। সেই আশ্বাসে তিনি আমেরিকার চাকরি ছেড়ে হায়দরাবাদে চলে আসেন বলে অভিযোগ। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সৌরভ তাঁর সঙ্গে ছিলেন বলেও দাবি করেছেন তিনি। পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয় বলে অভিযোগকারিণীর বক্তব্য। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি।
‘দিনে নারীদের পূজা, রাতে গণধর্ষণ’ মন্তব্যে তীব্র প্রতিক্রিয়ার মুখে ভারতীয় অভিনেতা
মারা গেলেন ভারতীয় অভিনেতা জয়প্রকাশ রেড্ডি